রেকর্ড মুমিনুলের কাছে স্রেফ একটা পরিসংখ্যান

সুখবরই বটে। সম্প্রতি উইজডেন ইন্ডিয়ার ২০১৫-বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পেয়েছেন। আরও একটি সুযোগ মুমিনুল হকের সামনে।
টানা ১১ টেস্টে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে মুমিনুল এখন বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর ও ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসের পাশে। মুমিনুলের সামনে কেবল বাকি এবি ডি ভিলিয়ার্স। সবচেয়ে বেশি টানা ১২ টেস্টে পঞ্চাশের বেশি ইনিংস খেলার রেকর্ড ডি ভিলিয়ার্সের। নিঃসন্দেহে সেটিও এখন হুমকির মুখে। আজ ফতুল্লায় ভারত সিরিজের প্রস্তুতি পর্বের ফুরসতে প্রশ্নটা আবার করা হলো, পারবেন ডি ভিলিয়ার্সের রেকর্ডটি ভাঙতে?
প্রশ্নটা শুনে বিনয়ী মুমিনুল প্রোটিয়া ব্যাটসম্যানকে প্রশংসা ভাসিয়ে সাবধানে ‘ডাক’ করলেন, ‘আমি তো ওনার আশ-পাশে নেই। আপনারাই জানেন তিনি সব সংস্করণের রাজা! মনে করি না, আমি তাঁর প্রতিদ্বন্দ্বী।’
এক-দুই করে ১১টা সিঁড়ি ভেঙে সুযোগটা হাতের নাগালে। ভারতের বিপক্ষে পরশু ফতুল্লা টেস্টে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেই দারুণ রেকর্ডটিতে ভাগ বসাবেন এ বাঁহাতি। আসলেই পারবেন কিনা সময় বলে দেবে। তবে সর্বোচ্চ চেষ্টার প্রত্যয় মুমিনুলের, ‘আসলে কার পাশে বসব কি বসব না, এটা নিয়ে চিন্তা করছি না। আগের ম্যাচগুলোতে যেভাবে খেলেছিলাম, যেভাবে প্রস্তুতি নিয়েছি এবং দেশের মানুষ যেভাবে প্রত্যাশা করে তাতে আমার লক্ষ্য অর্জন সর্বোচ্চ চেষ্টাই করব, কারও পাশে বসার জন্য নয়।’
দুই-তিন বছরের ক্যারিয়ারে এরই মধ্যে ধারাবাহিকতার প্রতিচ্ছবি হিসেবে নিজেকে দাঁড় করিয়েছেন। গড়েছেন বেশ কিছু রেকর্ড। বরাবরই বলে এসেছেন, এসব রেকর্ড-টেকর্ড তাঁর মাথায় থাকে না। রেকর্ডের কথা মনে পড়লে চাপ অনুভব হয় তাও নয়, ‘সত্যি রেকর্ডের বিষয় মাথায় কাজ করে না। আপনারা যখন বলেন তখন একটু মনে পড়ে। এরপর আবার ভুলে যাই! চাপও অনুভব হয় না। আপনারা চলে গেলে আর মনে থাকবে না। চেষ্টা করব পরবর্তীতে যেন মনে না থাকে!’
টেস্টের চেয়ে মুমিনুলের ওয়ানডে পরিসংখ্যান বেশ ম্লান। ১৪ টেস্টে যেখানে ৯ ফিফটি ও ৪ সেঞ্চুরিতে গড় ৬০.০; সেখানে ২৬ ওয়ানডেতে ৪ ফিফটিতে গড় ২৩.৬০। এ কারণে দিনে দিনে ‘টেস্ট বিশেষজ্ঞ’ তকমাটা সেঁটে যাচ্ছে গায়ে। বিষয়টি স্বাভাবিকভাবেই নিচ্ছেন মুমিনুল, ‘এটা মেনে নেওয়া, না নেওয়ার কিছু নেই। এখন টেস্টে ভালো করছি, তাই অনেকে বলছে টেস্ট খেলোয়াড় হয়ে গেছি। আবার হয়তো অন্য ফরম্যাটে ভালো করলে ওটাতেও ভালো বলবে। যেখানে আমার ঘাটতি আছে, সেখানে যদি ভালো পারফরম্যান্স করতে পারি তাহলে ওখানেও (ওয়ানডে) ভালো সুযোগ পাব। এখন এটা নিয়ে যদি বেশি চিন্তা করি তাহলে সবকিছুই হারাব।’
ভারতের বিপক্ষে প্রথম টেস্ট। বেশ রোমাঞ্চ কাজ করছে মনে। তবে সেটা আর দশটা ম্যাচের মতোই, ‘প্রত্যেকটা ম্যাচের আগেই এমন কাজ করে। চিন্তা থাকে ভালো খেলতে হবে, রান করতে হবে। এখনো ওই রকমই কাজ করছে। অন্যান্য দলগুলোর সঙ্গে খেলার সময় যেমন কাজে করে তেমনই কাজ করেছে।’
ভারতের বিপক্ষে কী লক্ষ্য থাকবে দলের? জবাবে জানালেন সাম্প্রতিক পারফরম্যান্সের আত্মবিশ্বাস কাজে লাগাতে চান ভারতের বিপক্ষেও, ‘শেষ সিরিজটা আমরা ভালো ক্রিকেট খেলেছি। হয়তো শেষ টেস্টটা খারাপ খেলেছি। ওয়ানডে সিরিজ আমরা হোয়াইটওয়াশ করেছি, টি-টোয়েন্টি ম্যাচটাও জিতেছিলাম। একটা সিরিজ ভালো হলে সবার আত্মবিশ্বাস ভালোই থাকে। আমরা সেই আত্মবিশ্বাস নিয়েই আছি।’
তীব্র দাবদাহে ওষ্ঠাগত জনজীবন। মুমিনুল জানালেন, এ গরমের প্রভাব ম্যাচে যাতে না পড়ে সে প্রস্তুতি নিয়েই রেখেছে বাংলাদেশ, ‘মাঝে মাঝে অতিরিক্ত ঠান্ডা কিংবা অতিরিক্ত গরম পড়ে। এগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এ কারণে অনুশীলনের সময় অতিরিক্ত রানিং করছি, যা আমাদের মানসিকভাবে প্রস্তুত হতে সাহায্য করছে। তবে এও ঠিক, গরমের কারণে খেলায় মনোযোগ বিঘ্ন হতে পারে। এটা নিয়ে আমরা কাজ করছি, দেখা যাক কি হয়।’