রেকর্ড রেকর্ড এবং রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের জন্য হতাশার সিরিজে প্রাপ্তি বলতে আল আমিন (বাঁয়ে)। দুদল মিলিয়েই যাঁর সবচেয়ে বেশি উইকেট  l এএফপি
বাংলাদেশের জন্য হতাশার সিরিজে প্রাপ্তি বলতে আল আমিন (বাঁয়ে)। দুদল মিলিয়েই যাঁর সবচেয়ে বেশি উইকেট l এএফপি

হাতে গুনে শেষ করা যাবে না, এত রেকর্ড! দিনেশ রামদিনের ১৬৯ রানের ওই একটা ইনিংস, ড্যারেন ব্রাভোর সঙ্গে ২৫৮ রানের ওই একটা জুটিতে গত পরশু যেন রেকর্ডের মেলা সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে!
দিনেশ রামদিনের ১৬৯
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কোনো ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানের সর্বোচ্চ ওয়ানডে ইনিংস। আগের রেকর্ডটা ছিল ১৯৮৯ সালে জর্জটাউনে ভারতের বিপক্ষে করা ডেসমন্ড হেইন্সের অপরাজিত ১৫২। আর সব দেশের খেলোয়াড় মিলেই এটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০১৩ সালে কিংস্টনে শ্রীলঙ্কার উপুল থারাঙ্গার অপরাজিত ১৭৪ এখনো এই জায়গায় সর্বোচ্চ। ওয়ানডেতে এটি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ইনিংস। ১৯৯৫ সালে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে ব্রায়ান লারারও ১৬৯ রানের একটি ইনিংস ছিল। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ দুটি স্কোরই ভিভিয়ান রিচার্ডসের—১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৮৯ এবং ১৯৮৭ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮১।
রামদিনের ১১ ছক্কা
ক্রিস গেইলের ৯ ছক্কার রেকর্ড ভেঙে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডেতে সর্বোচ্চ (১১টি) ছক্কার রেকর্ড হয়ে গেল রামদিনের। দেশ-বিদেশ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মারা ছক্কার দিক দিয়ে অবশ্য এটি দ্বিতীয়। কানাডার বিপক্ষে কিং সিটিতে জেভিয়ার মার্শালের মারা ১২টি ছক্কা এখনো আছে এক নম্বরে।
ইনিংসে ১৯ ছক্কা
ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটিও হয়ে গেল এদিন। আগের রেকর্ড ছিল ২০০৮ সালে কানাডার বিপক্ষে ১৪ ছক্কা। বাংলাদেশের বিপক্ষেও এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা হলো, যা ভেঙে দিয়েছে ২০১১ সালে ঢাকায় অস্ট্রেলিয়ার ১৬ ছক্কার রেকর্ডকে।
তৃতীয় উইকেট জুটিতে ২৫৮
ছোট থেকে বড়তে যাওয়া যাক। রামদিন-ড্যারেন ব্রাভো গড়েছেন তৃতীয় উইকেট জুটিতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রানের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে গর্ডন গ্রিনিজ ও ল্যারি গোমসের ১৯৫*। যেকোনো উইকেট জুটিতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রানের রেকর্ডও এখন রামদিন-ব্রাভোর ২৫৮-ই। আগের রেকর্ডটা ছিল ইস্ট লন্ডনে ১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ উইকেটে কার্ল হুপার ও শিবনারায়ণ চন্দরপলের ২২৬। তৃতীয় উইকেটে ওয়ানডেতে নতুন বিশ্বরেকর্ডও হয়ে গেছে। পেছনে পড়ে গেছে গত বছর পাকিস্তানের বিপক্ষে জোহানেসবার্গে হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের ২৩৮। বাংলাদেশের বিপক্ষে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডও এই ২৫৮। আগের রেকর্ডটা ছিল ২৫০ রানের, ২০১০ সালে এজবাস্টনে জনাথন ট্রট ও অ্যান্ড্রু স্ট্রাউসের।
—একটা ইনিংস আর একটা জুটিতেই এতগুলো রেকর্ডের জন্ম দিয়ে কেমন লাগছে দিনেশ রামদিনের? কাল ওয়ার্নার পার্কের ম্যাচ শেষে রামদিনের নিজ মুখে বলা কথাটাই শুনুন, ‘খুবই ভালো লাগছে। তবে ব্যাটিংয়ের সময় রেকর্ডের কথা মাথায় থাকে না। এগুলো এমনি এমনি হয়ে যায়।’ সঙ্গে রেকর্ড জুটির সাফল্যে ব্রাভোর পরামর্শটাকে তুলে ধরলেন সামনে, ‘ড্যারেন বলেছিল কাউকে না কাউকে পুরো ইনিংস ব্যাট করতে হবে। দায়িত্বটা আমিই তুলে নিলাম আজ (পরশু)।’
ওয়ার্নার পার্কের মাঠটা একটু ছোট, তার ওপর উইকেট হলো ব্যাটিং স্বর্গ। বাংলাদেশ দলের পেসার আল আমিনের ৪ উইকেট নেওয়ার পরও তাই ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা পাহাড়সমান। ওয়েস্ট ইন্ডিজের পরিকল্পনাটা কাজে আসাতেই যা সম্ভব হয়েছে, ‘বড় জুটি হওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। মাঠ ছোট, উইকেটটাও খুব ভালো ব্যাটিংয়ের জন্য। ওদের পেসাররা শুরুর দিকে ভালো বল করেছে। তবে আমরা জানতাম মাঝের ওভারগুলোতে স্পিনার আসবে। সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছি।’
ভিভ রিচার্ডসকে ছুঁতে না পারলেও ব্রায়ান লারার পাশে নিজের নামটা বসে যাওয়ার আনন্দ ছুঁয়ে যাচ্ছে রামদিনকে, ‘আপনি যত খেলবেন, যত কঠোর পরিশ্রম করবেন, ততই সাফল্য পাবেন। তখন মানুষও আপনাকে নিয়ে আলোচনা করবে। তবে এটা খুব ভালো যে, এখন তাঁর নামের সঙ্গে আমার নামও আসবে।’
ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল হোয়াইটওয়াশ হলেও এখনো বাকি একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ এবং দুই টেস্টের সিরিজ। ক্যারিবীয় অধিনায়ক ডোয়াইন ব্রাভো সেই ম্যাচগুলোতে যেতে চান ওয়ানডে জয়ের প্রেরণা নিয়ে, ‘৩-০তে সিরিজ জিতে আমরা আসলেই আনন্দিত। ২-১ জেতার চেয়ে ৩-০ সব সময়ই ভালো। এখন জয়ের এই ধারাটা আমরা নিয়ে যেতে চাই বাকি ম্যাচগুলোতেও।’

ওয়ানডে সিরিজে বাংলাদেশ
ব্যাটিং
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
তামিম ইকবাল ৩ ৩ ১১৮ ৫৫ ৩৯.৩৩ ০/১
এনামুল হক ৩ ৩ ১১৬ ১০৯ ৩৮.৬৬ ১/০
মুশফিকুর রহিম ৩ ৩ ৯০ ৭২ ৩০.০০ ০/১
নাসির হোসেন ৩ ৩ ৫৮ ২৬ ১৯.৩৩ ০/০
মাহমুদউল্লাহ ৩ ৩ ৩৮ ২৭ ১২.৬৬ ০/০
সোহাগ গাজী ৩ ৩ ২৮ ২৪ ৯.৩৩ ০/০
মাশরাফি বিন মুর্তজা ৩ ৩ ২০ ১৫* ১০.০০ ০/০
শামসুর রহমান ২ ২ ১২ ৮ ৬.০০ ০/০
ইমরুল কায়েস ৩ ৩ ১১ ৯ ৩.৬৬ ০/০
রাজ্জাক ২ ২ ৫ ৫* - ০/০
* এ ছাড়াও ১ ইনিংস ব্যাট করে মুমিনুল করেছেন ৫ রান, কোনো রান করতে পারেননি আল আমিন ও তাসকিন আহমেদ।
বোলিং
ওভার রান উইকেট সেরা গড় রান/ওভার
আল আমিন ২৮.৪ ১৭০ ১০ ৪/৫১ ১৭.০০ ৫.৯৩
মাশরাফি বিন মুর্তজা ২৮.০ ১৩০ ৫ ৩/৩৯ ২৬.০০ ৪.৬৪
মাহমুদউল্লাহ ২৪.০ ১১৫ ৩ ১/২০ ৩৮.৩৩ ৪.৭৯
সোহাগ গাজী ২৭.০ ১৫৬ ২ ১/৪৬ ৭৮.০০ ৫.৭৭
আবদুর রাজ্জাক ২০.০ ১১৯ ১ ১/৭৬ ১১৯.০০ ৫.৯৫
তাসকিন আহমেদ ৭.০ ৪৬ ০ - - ৬.৫৭
নাসির হোসেন ৩.০ ২৮ ০ - - ৯.৩৩
* এছাড়াও ১ ওভার করে বোলিং করে ১৩ ও ১৯ রান দিয়েছেন শামসুর রহমান ও মুমিনুল হক।