রেকর্ড হাতছাড়ায় সত্যিই মন খারাপ মুশফিকের?

* একটু খারাপ তো লাগছেই, নিজের রেকর্ডটা ভেঙে গেল!
* নিশ্চিত সে রসিকতা করে বলেছে। আমার মনে হয় না ওর খারাপ লাগছে! বরং ভীষণ খুশি হয়েছে আমার ডাবল সেঞ্চুরিতে।
প্রথম মন্তব্যটি মুশফিকুর রহিমের। দ্বিতীয়টি তামিম ইকবালের। প্রসঙ্গ নিশ্চয় বোঝা যাচ্ছে—ডাবল সেঞ্চুরি। ২০১৩ সালে গল টেস্টে বাংলাদেশের পক্ষে মুশফিকের করা সর্বোচ্চ ২০০ রানের রেকর্ডটি আজ ভেঙে দিলেন তামিম।
রেকর্ড ভাঙা নিয়ে কি সত্যি মন খারাপ মুশফিকের? বাংলাদেশ টেস্ট অধিনায়ক খুব রসিকতা করেন, তা নয়। তবে অনেক সময় নিজের অনুভূতি অকপটে প্রকাশ করে ফেলেন। সে কারণেই হয়তো অমন মন্তব্য। কিন্তু তামিমের এ অর্জনে তাঁর চেয়ে বেশি খুশি কে হবে! ওই ডাবল সেঞ্চুরির কল্যাণে বাংলাদেশ পেয়েছে জয়ের সমান এক ড্র। এ কারণে মুশফিক পরক্ষণেই বললেন, ‘...ওর (তামিম) জন্য ভালো লাগছে। যেভাবে সে ব্যাটিং করছিল, এটা পাওনা ছিল। আমরা তাকে সমর্থন দেওয়ার চেষ্টা করেছি।’ মুশফিক ভালোই জানেন, ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য’। এ কারণে বললেন, ‘আমি যেদিন ২০০ করলাম, সেটা আশরাফুল ভাইও করতে পারত। জানতাম, আমার রেকর্ডটা কম সময় থাকবে।’
এত বড় অর্জনের পর তামিমের কণ্ঠেও মুশফিক-স্তুতি, ‘সে সব সময়ই আমাকে উৎসাহ দিয়েছে, আত্মবিশ্বাস জুগিয়েছে। আমার মনে হয়, পরের এক বছরের মধ্যে এ রেকর্ডটা ভেঙে যাবে। মুশফিকেরই ভেঙে ফেলার সুযোগ বেশি। দলের সেরা ব্যাটসম্যান সে।’
রেকর্ড অদল-বদল নিয়ে যা-ই বলুন না কেন, বাংলাদেশের এ অর্জনে মুশফিক-তামিম দুজন কৃতিত্ব দিচ্ছেন ইমরুলকেও। দীর্ঘদিন বদলি উইকেট রক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর খেলেছেন ১৫০ রানের দারুণ এক ইনিংস। মুশফিক বললেন, ‘ইমরুলকে একটু বেশি কৃতিত্ব দিতে হয়। ওয়ানডে সিরিজে সে ছিল না। ঘরোয়া ক্রিকেটে খুব বেশি রান করছিল, তা নয়। খানিকটা চাপেও ছিল। এটা অন্যরকম অর্জন। এটা তার জন্য এমন ইনিংস খেলাটা সহজ ছিল না। সে কঠোর পরিশ্রম করেছে। চেষ্টা করেছি বিরতির সময় তাকে সমর্থন দিতে। ইমরুলের আদর্শ সাঙ্গাকারা। ওকে বলছিলাম, সাঙ্গা ১৫০-২০০ ওভার কিপিং করে ব্যাটিং করে, তোমাকেও করতে হবে। এই গরমে এত বড় জুটি, কৃতিত্ব ইমরুল-তামিম দুজনেরই।’
তামিমের মুখেও ইমরুলের প্রশংসা, ‘সে দুর্দান্ত ব্যাটিং করেছে। কখনো নিজের সহজাত খেলা থেকে বের হয়নি। যখন আক্রমণ তখন আক্রমণ, যখন রক্ষণাত্মক খেলার দরকার তখন রক্ষণাত্মক খেলেছে।’
ইমরুল অবশ্য নিজের অর্জনকে বড় করে দেখতে চান না। তবে গতকাল ব্যাটিংটা তাঁর জন্য খুব কঠিনই ছিল। দীর্ঘ সময় কিপিং করেছেন, রাতে ঠিকমতো ঘুমও হয়নি। কেবল বললেন, ‘চেষ্টা করি ভালো করার। সেঞ্চুরি-ফিফটি ভাগ্যের বিষয়।’
এমনিতে খুব একটা রসিকতা-টসিকতা করতে দেখা যায় না মুশফিককে। তবে ইমরুলের কিপিং নিয়ে খানিকটা রসিকতার সুরেই বললেন, ‘জঘন্য করেছে (ইমরুলের কিপিং প্রসঙ্গে) ! ’ এরপরই সিরিয়াস মুশফিক, ‘আসলে সে দেশের জন্য করেছে। অনেক স্বতঃস্ফূর্তভাবেই করেছে। রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) খুবই ভালো করেছে। সবাই দলের জন্য করেছে। দেশের জন্য করেছে।’
তবে কিপিং উপভোগই করছিলেন ইমরুল, ‘কিপিংটা উপভোগই করছিলাম। তামিম অনেক সহায়তা করছিল। মুশফিকের মতো হয়তো কিপিং করতে পারব না। তবে সহায়তা করতে পারব। তবে সাঙ্গাকারার আশেপাশেও আমি নেই।’
খুলনা টেস্ট জয়ের ঘোষণা দিয়েই খেলতে নেমেছিল বাংলাদেশ। ম্যাচটা জেতা হয়নি। তবে এ ড্র জয়ের সমানই। আগামী ম্যাচেও জয়ের প্রত্যয় নিয়েই মাঠে নামতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘সব সময় বলেছি, আমরা জেতার জন্যই খেলব। জয়ের ভাবনা না থাকলে ভালোটা দেওয়াটা সম্ভব নয়। ড্রয়ের মানসিকতা থাকলে উন্নতির সুযোগ থাকে না। তবে এখনো কিছু কাজ বাকি আছে। বোলিং আক্রমণ উন্নতি করতে হবে আরও।’