রেকর্ডটা ভাবনায় ছিল: সাকিব

অলরাউন্ডারদের ছোট্ট অভিজাত একটা তালিকা আছে। যে তালিকার বাসিন্দা মাত্র দুজন। দুজনই গ্রেট। ইয়ান বোথাম আর ইমরান খান। ৩০ বছর ধরে এই তালিকায় আর কোনো সঙ্গী খুঁজে পাননি সর্বকালের সেরা দুই অলরাউন্ডার। সাকিব আল হাসান এই রেকর্ডের কথা জানতেন না। মাত্রই কদিন আগে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তাঁকে জানান এক ম্যাচে সেঞ্চুরি আর দশ উইকেট নেওয়ার সেই রেকর্ডটির কথা। কে জানত, পরের টেস্টেই সেই কীর্তিটা করে দেখাবেন সাকিব!
খুলনা টেস্টে সেঞ্চুরির পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেটই নিয়েছেন। শাহাদাত হোসেন সহজ ক্যাচটা না ফেললে উইকেট হতো ১১টি। তা না হোক, রেকর্ডটা তো হয়েই গেল। সেই রেকর্ডের তালিকায় এখন বোথাম–ইমরানের পাশে জ্বলজ্বল করবে সাকিবের নাম।
ব্যক্তিগত লক্ষ্যের জন্য তিনি কখনোই খেলেন না। তবে এটাও তো সত্যি, সাকিব নিজে ব্যাট বা বল হাতে যত ভালো করবেন, তাতে দলেরই উপকার। আজ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব জানিয়েছেন, বিশেষ এই রেকর্ডটায় চোখ ছিল তাঁর। পরে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘শুভ্র দা আমাকে এই টেস্টের মাঝামাঝি সময়ে বলেছিলেন, এমন একটা রেকর্ড আছে। তারপর ওনাকে বলেছিলাম, মাথায় থাকল। কারণ, এর আগে জানতামই না এমন কিছু আছে। মাথায় থাকার কারণে একটু হয়তো ছিল... সব থেকে বড় কথা আমরা জানতাম আমাদের স্পিনার বা বোলারদের কেউ পাঁচ উইকেট নিতে পারলে আমাদের জেতার সম্ভাবনা ৯০ শতাংশ বেড়ে যাবে। এটা যে কেউ হতে পারে, তাইজুল, লিখন। আমি ভাগ্যবান যে আমার ক্ষেত্রে জিনিসটা হয়ে গেছে।’
এ পর্যন্ত টেস্ট ক্যারিয়ারে আজকের অর্জনটাকেই সবার ওপরে রাখলেন সাকিব। তবে তিনি সেই ধাতুতে গড়া, যিনি জানেন, নিরন্তর নিজেকে ছাড়িয়ে যেতে হয়। বললেনও, ‘পারফরম্যান্স পুরোটা বিচার করলে, টেস্ট ক্যারিয়ার রেকর্ড যদি বিবেচনা করি, এখন পর্যন্ত অবশ্যই এটা এক নম্বরে। তবে এর থেকেও তো আরও ভালো করা সম্ভব। কে জানে হয়তো উন্নতিটা ধরে রাখতে পারি তাহলে আরও ভালো হতে পারে।’
বোথাম–ইমরানের মতো কিংবদন্তিদের পাশে নিজের নামটা দেখতে পারাটা অনেক গর্বের। ব্যক্তিগত প্রাপ্তিতে উচ্ছ্বসিত হবে, দলীয় লক্ষ্যের কথা ভুললেন না সাকিব, ‘তাঁরা এত বড়, গ্রেট গ্রেট খেলোয়াড়, তাঁদের সঙ্গে নাম থাকাও একটা বড় ব্যাপার। নাম আছে, এটা ভালো লাগছে। কিন্তু আমার কাজ দলের হয়ে অবদান রাখা আর দলে যত ভালো পারফর্ম করা যায় আর দেশের হয়ে যত ভালো খেলা যায়।’