রেকর্ডটি ফিরে পেতে চান আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ১৭ বছর ছিল তাঁর অধিকারেই। শ্রীলঙ্কার বিপক্ষে নাইরোবিতে ৩৭ বলে গড়া সেই রেকর্ডটি নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের (৩৬ বলে) হাত ঘুরে এখন এবি ডি ভিলিয়ার্সের দখলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিন কয়েক আগে ৩১ বলে গড়া প্রোটিয়া ব্যাটসম্যানের রেকর্ডটিকে অচিরেই ভেঙে দিতে চান শহীদ আফ্রিদি।
বিশ্বকাপই পাকিস্তানি এই মারকুটে ব্যাটসম্যানের শেষ ওয়ানডে টুর্নামেন্ট। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডেও খেলবে পাকিস্তান। তাই এই দুটি ওয়ানডে কিংবা বিশ্বকাপেই তিনি পুনরুদ্ধার করতে চান রেকর্ডটি। কাজটা কঠিন, কিন্তু অসম্ভব কিছু নয়। আফ্রিদির ভাষায়, ‘পরিকল্পনা করে এমন রেকর্ড গড়া যায় না। যদি আত্মবিশ্বাস ভালো থাকে আর দিনটি বিশেষ হয় তাহলেই এমনটা হয়ে যায়। যদি সবকিছু আমার পক্ষে কাজ করে এবং দিনটি যদি আমার জন্য বিশেষ দিন হয়, তাহলে এবি ডি ভিলিয়ার্সের রেকর্ডটিকে নিউজিল্যান্ডের বিপক্ষে কিংবা বিশ্বকাপেই ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব।’ বিশ্বকাপের পর ওয়ানডে ছাড়বেন বলে ঘোষণা দিয়েছেন, যদিও টি-টোয়েন্টি চালিয়ে যাবেন। পিটিআই।