বিশ্বকাপে বাংলাদেশের কোনো সেঞ্চুরি ছিল না। এবার মাহমুদউল্লাহর ব্যাট থেকেই এল দুই সেঞ্চুরি। সেটাও আবার টানা দুই ম্যাচে। টানা সেঞ্চুরি অবশ্য এবারের বিশ্বকাপে সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোরই একটি। জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর ওয়ানডে ক্যারিয়ার শেষ করলেন টানা সেঞ্চুরিতে। টানা চার ম্যাচে সেঞ্চুরি করে কুমার সাঙ্গাকারা তো বিশ্ব রেকর্ডই করলেন। ক্রিস গেইল পেয়েছেন বিশ্বকাপের প্রথম ডাবল সেঞ্চুরি। সেঞ্চুরির মালা গেঁথে ২০১৫ বিশ্বকাপ ভেঙে দিয়েছে আগের সব বিশ্বকাপের রেকর্ড। ব্যাটিং পরাক্রমের মধ্যে অ্যাডাম গিলক্রিস্টকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি ডিসমিসালের মালিক হয়ে গেছেন ‘উইকেটকিপার’ সাঙ্গাকারা। বড় কোনো রেকর্ড ভাঙতে না পারলেও বোলারদেরও অবদান আছে রেকর্ড বইয়ের পাতা সমৃদ্ধ করতে। বিশ্বকাপের প্রথম পর্বের রেকর্ডের ডালি থেকে বাছাই করা কিছু পরিসংখ্যান নিয়েই এই আয়োজন।
- প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে টানা চার সেঞ্চুরি কুমার সাঙ্গাকারার। এর আগে টানা তিন সেঞ্চুরি ছিল ছয় ব্যাটসম্যানের।
- দুটি জুটির রেকর্ড লিখতে হয়েছে নতুন করে। হ্যামিল্টনে জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও জেপি ডুমিনির অবিচ্ছিন্ন ২৫৬ রান ভেঙেছে পঞ্চম উইকেটের রেকর্ড, একই প্রতিপক্ষের বিপক্ষে ক্যানবেরায় দ্বিতীয় উইকেটে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসের ৩৭২ রান ওয়ানডেতে যেকোনো উইকেটেই সর্বোচ্চ।
- ক্রাইস্টচার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ রান তুলতেই ৪ উইকেট হারায় পাকিস্তান। এর আগে ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বনিম্ন ৪ রানে ৪ উইকেট হারিয়েছিল কানাডা।
- পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ৬ ক্যাচ নিয়ে পাকিস্তানের উইকেটকিপার সরফরাজ আহমেদ ছুঁয়েছেন ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড।
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন ৭ ওভারে ৯৫ (ইকোনমি ১৩.৫৭) ও ম্যাক্স সরেনসেন ৬ ওভারে দিয়েছেন ৭৬ রান (ইকোনমি ১২.৬৬)। ওয়ানডেতে ইনিংসে ওভারপ্রতি সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডে শীর্ষে ও’ব্রায়েন ও সরেনসন (কমপক্ষে ৫ ওভার)।
- এক ইনিংসে ১৬ ছয় মেরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ছুঁয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের রোহিত শর্মাকে।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত ১৬২ রান ওয়ানডেতে পাঁচ নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ। পেছনে পড়ে গেছে ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডসের ১৫৬।