ইতিহাসের মাত্র দ্বিতীয় দিবারাত্রির টেস্ট, এশিয়ার প্রথম। তার ওপর নিজেদের ৪০০তম টেস্ট। গোলাপি বলের শুরুটা এর চেয়ে ভালো আর হতে পারত না পাকিস্তানের। দিবারাত্রির টেস্টে প্রথম সেঞ্চুরির ইতিহাস গড়েছেন আজহার আলী, সেটিও আবার নিজের ৫০তম টেস্টে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের রান ৮৭ ওভারে ১ উইকেটে ২৭২, ব্যাট করছিলেন আজহার (১৪৪*) ও আসাদ শফিক (৩১*)।
টি-টোয়েন্টি, ওয়ানডেতে ছয়টি ম্যাচেই হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে সেই বৃত্ত থেকে বেরিয়ে আসার লক্ষণ অন্তত প্রথম দিনে নেই। দুই ওপেনারই প্রথম দুই সেশন অবিচ্ছিন্ন হয়েই কাটিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত সেই জুটি ভেঙেছেন রস্টন চেজ, প্রথম টেস্ট সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থাকতে বোল্ড করেছেন সামি আসলামকে। তার আগেই আজহার-সামি করে ফেলেছেন ২১৫। দুবাইতে এটাই ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড, এর আগে গ্রায়েম স্মিথ ও আলভারো পিটারসেন গড়েছিলেন ১৫৩ রানের জুটি। পাকিস্তানের টেস্ট ইতিহাসেই ওপেনিং জুটিতে এর চেয়ে বেশি রানের কীর্তি আছে মাত্র তিনটি। ক্রিকইনফো।