রেকর্ডের ম্যাচে আফগানিস্তানের জয়
আন্তর্জাতিক টি-টোয়েন্টির টানা জয়ের রেকর্ড গড়েই সিরিজটা শুরু করেছিল আফগানিস্তান। কাল রেকর্ডময় শেষ ম্যাচটাও জিতে তিন ম্যাচের সিরিজে আয়ারল্যান্ডকে ধবলধোলাই করেছে আফগানরা। পেয়েছে টানা ১১তম জয়। সাতে নেমে মোহাম্মদ নবীর বিধ্বংসী ব্যাটিংয়ে (৩০ বলে ৮৯) ২৩৩ রান তোলে আফগানিস্তান। ভারতের নয়দায় অনুষ্ঠিত ম্যাচে ১৯.২ ওভারে আইরিশরা অলআউট ২০৫ রানে।
চারটি বিশ্ব রেকর্ড দেখেছে ম্যাচটি। শেষ ছয় ওভারে ১০৪ রান তুলে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলেছে আফগানরা। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ছয় ওভারে ৯৭ রান তুলেছিল অস্ট্রেলিয়া। রান তাড়ায় পাওয়ার প্লেতে ৯১ রান করে আইরিশরা ছুঁয়েছে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে হল্যান্ডের গড়া রেকর্ড। আয়ারল্যান্ডের মিডিয়াম পেসার ব্যারি ম্যাকার্থি ৪ ওভারে ৬৯ রান দিয়ে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড ভেঙেছেন। আর নবীর ইনিংসটা ছয় বা তার নিচে নেমে সর্বোচ্চ ইনিংস। ক্রিকইনফো।