রেকর্ডের সামনে দাঁড়িয়েও নির্ভার কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড নিয়ে নির্ভার কুক। ছবি-ক্রিকইনফো।
রেকর্ড নিয়ে নির্ভার কুক। ছবি-ক্রিকইনফো।

সবচেয়ে কম বয়সে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান। আপাতত রেকর্ডটা শচীন টেন্ডুলকারের নামের পাশে। ২০০৫ সালের মার্চে কলকাতায় পাকিস্তানের বিপক্ষে যখন কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান রেকর্ডটা গড়েন, তাঁর বয়স ছিল ৩১ বছর ৩২৭ দিন। তবে সেই রেকর্ড যে অ্যালিস্টার কুক ভেঙ্গে দিতে যাচ্ছেন, এ নিয়ে খুব একটা সন্দেহ নেই। এখন শুধু অপেক্ষা।
হেডিংলিতে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে মাত্র ৩৬ রান করলেই ক্রিকেট ইতিহাসের দ্বাদশ ও প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন কুক। টেন্ডুলকারকে সরিয়ে এ তালিকায় সর্বকনিষ্ঠ হিসেবে চলে আসবে অ্যালিস্টার কুকের নাম। হিসেব অনুযায়ী আজ তাঁর বয়স ৩১ বছর ১৪৬ দিন। দুর্দান্ত এ রেকর্ডের সামনে দাঁড়িয়ে কেমন লাগছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের?
গত কয়েক সপ্তাহে এ রেকর্ড নিয়ে এত কথাবার্তা হয়েছে যে চাইলেও এটা নিয়ে না ভেবে থাকতে পারছেন না কুক। তবে কাল হেডিংলিতে সংবাদ সম্মেলনে কথা শুনে মনে হলো এটা নিয়ে বেশ নির্ভারই আছে ইংলিশ ব্যাটসম্যান, ‘এটা অবশ্যই অনেক বড় ব্যাপার। আশা করছি খুব তাড়াতাড়িই আমি এটা করে ফেলতে পারব। যাতে আমরা পরে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে পারি।’ 

তবে নির্ভার থাকলেও এ রেকর্ডের মাহাত্ম্য জানা আছে কুকের, ‘এর আগে যারা এই পর্যন্ত পৌছাতে পেরেছেন সেই নামগুলোই বলে দেয়, এটা কত বড় মাইলফলক। আমি তাই চেষ্টা করব এই ৩৬টি রান করার। তারপর ভাগ্য ভালো থাকলে আরও বড় স্কোরও গড়তে পারি।’
শুধু টেন্ডুলকারকে পেনোনোর হাতছানি নয়, কুকের সামনে সুযোগ আরেক ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়কেও পেরিয়ে যাওয়ার। টেস্ট ক্রিকেটে অভিষেকের পর ১০ হাজার রান করতে রাহুল দ্রাবিড়েরই সবচেয়ে কম সময় লেগেছিল—১১ বছর ২৮০ দিন। ২০০৬ সালের মার্চে টেস্ট অভিষেক হওয়ার পর আজ পর্যন্ত কুকের ক্যারিয়ার ১০ বছর ৭৮ দিনের।
দ্রাবিড় পেছনে পড়ে যাচ্ছেন, এ নিয়েও মনে হয় না কোনো সন্দেহ আছে। ক্রিকইনফো।