রেনশ-স্টার্কে লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আশা করি, ও এখন টেবিলে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে।’

অ্যালান বোর্ডারের কথাটা কর্কশ মনে হতেই পারে। ম্যাট রেনশ তো আর ইচ্ছা করে মাঠ ছাড়েননি! পেটে সমস্যা হচ্ছিল অস্ট্রেলিয়ান ওপেনারের। কিন্তু সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক সেটি যেন মানতেই পারছিলেন না।

তাঁর রাগের কারণও আছে। উদ্বোধনী জুটিতে ৮২ রানে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত সূচনা এনে দিয়ে আউট ডেভিড ওয়ার্নার। কিন্তু সঙ্গীর পথ ধরে প্যাভিলিয়নে ফেরেন রেনশও! যতই অসুস্থ হোন, অমন একটা জুটির পর সেট ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে যাচ্ছেন দেখেই হয়তো রাগে কথাটা বলেছেন বোর্ডার।

পরে রেনশর চেষ্টায় নিশ্চয়ই রাগ কমেছে অস্ট্রেলিয়ান কিংবদন্তির। ‘ব্যাটসম্যান’ মিচেল স্টার্কও হয়তো তাঁকে মুগ্ধ করেছেন। দ্বিতীয় সেশন ও তৃতীয় সেশনের শুরুর ধস সামলে অস্ট্রেলিয়া যে ৯ উইকেটে ২৫৬ রানে দিন শেষ করেছে, সেটি এই দুজনের ফিফটিতেই।

বোর্ডারের শঙ্কাটা শেষ পর্যন্ত খেটেই গেল। ব্যক্তিগত ৩৬ রানে রেনশ যখন মাঠ ছাড়েন, অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৮২। কিন্তু দ্বিতীয় সেশনে ২০ বছর বয়সী ওপেনার আবার যখন মাঠে ফেরেন, অস্ট্রেলিয়া ধুঁকছে। হ্যান্ডসকম্ব-শন মার্শ নেই, তাঁর নামার পরের ওভারে আউট স্মিথও। ৪ উইকেট হারিয়ে রান দেড় শও পেরোয়নি! সেখান থেকেই দুর্দান্ত মেজাজ দেখিয়ে ফিফটি করেন অস্ট্রেলিয়ার বাইরে প্রথম টেস্ট খেলতে নামা রেনশ। অবশ্য সপ্তম ব্যাটসম্যান হিসেবে যখন আউট হয়নি, দল আবার খাদে—৭ উইকেটে ১৯৬! ৫২ রানের মধ্যে ফিরেছেন রেনশসহ পাঁচ ব্যাটসম্যান।

সেই অস্ট্রেলিয়ারই আড়াই শ পেরোনোর কৃতিত্ব স্টার্কের আক্রমণাত্মক ব্যাটিংয়ের। ৫৭ রানে অপরাজিত স্টার্ক, শেষ ব্যাটসম্যান জশ হ্যাজলউডের সঙ্গে ১৩ ওভার খেলে ৫১ রানের জুটিও গড়েছেন। তাতে হ্যাজলউডের অবদান? ১ রান!

বোলিংয়ে স্টার্কদের অনুপ্রেরণা জোগাচ্ছেন উমেশ যাদবও। পিচে স্পিন ধরছে, অশ্বিন-জাদেজারা দুর্দান্ত বোলিং করেছেন। তবে স্বভাবজাত সুইং আর রিভার্স সুইংয়ে অস্ট্রেলিয়াকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন ৪ উইকেট নেওয়া উমেশই। ক্রিকইনফো।