রেনিগেডসে সাকিব
বিগ ব্যাশে যাচ্ছেন, নিশ্চিত করেছিলেন আগেই। গত কদিনের দলটির নামও ভেসে বেড়াচ্ছিল হাওয়ায়। কাল সাতসকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি নিশ্চিত করে দিলেন সাকিব আল হাসান নিজেই। বিগ ব্যাশে নিজের দ্বিতীয় অভিযানে মেলবোর্ন রেনিগেডস হতে যাচ্ছে সাকিবের ঠিকানা। ৭ জানুয়ারি হোবার্ট হারিকেনসের বিপক্ষে ম্যাচ থেকে সাকিবকে পাবে রেনিগেডস। বাংলাদেশের অলরাউন্ডারের সঙ্গে চুক্তি গ্রুপপর্বে রেনিগেডসের শেষ চার ম্যাচের জন্য।
কাল সকালে টুইটার ও ফেসবুকে সাকিব লিখেছেন, ‘আমি জানি এই সংবাদটি দেওয়ার জন্য আপনাদের বেশ অপেক্ষায় রেখেছি। অবশেষে নিশ্চিত হয়েছে, আমি মেলবোর্ন রেনিগেডসের হয়ে খেলতে যাচ্ছি। ওদের সঙ্গে দ্রুত যোগ দিতে আমি মুখিয়ে আছি। বিশ্বকাপের আগে এটা আমার জন্য দারুণ প্রস্তুতি হবে।’ দলের কোচ সাইমন হেলমট উচ্ছ্বসিত সাকিবকে পেয়ে, ‘আমরা এমন একজনকে খুঁজছিলাম যে দলে নানাভাবে অবদান রাখতে পারে। টি-টোয়েন্টি র্যা ঙ্কিংয়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে পেয়ে যাওয়া আমাদের জন্য দারুণ প্রাপ্তি।’ ক্রিকইনফো।