রেনিগেডসের জন্য সাকিব

হোবার্ট হারিকেনসের বিপক্ষে আজ মাঠে নামবে মেলবোর্ন রেনিগেডস। হোবার্টে অনুষ্ঠেয় এই ম্যাচে রেনিগেডসের হয়ে দেখা যেতে পারে সাকিব আল হাসানকেও। মেলবোর্ন রেনিগেডসের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে কাল সাকিবই বলেছেন, ‘আমি এখন কালকের (আজ) ম্যাচের অপেক্ষায় আছি। ভ্রমণক্লান্তি আছে। তবে সেটা কোনো সমস্যা নয়।’
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে এটি সাকিবের দ্বিতীয় মৌসুম। এর আগে খেলেছেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে। সাকিবের আশা—মেলবোর্ন রেনিগেডসের হয়ে কাজে লাগাতে পারবেন আগেরবারের অভিজ্ঞতা, ‘এর আগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার সুযোগ হয়েছে। আমার জন্য খুব ভালো অভিজ্ঞতা ছিল সেটা। আশা করি সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে রেনিগেডসের হয়েও ভালো কিছু করতে পারব।’
সেই ভালো কিছুটা ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং—যেকোনোভাবেই করতে চান সাকিব। দলের জন্য কিছু করে দলকে জেতাতে পারলেই খুশি তিনি। সাকিবকে প্রশ্ন করা হয়েছে বাংলাদেশে থাকা তাঁর অসংখ্য ভক্ত-সমর্থক নিয়েও। সাকিবের উত্তর, ‘তারা আমাকে সব সময়ই সমর্থন দেয়, এটা খুব ভালো লাগে। আমি এটা খুব উপভোগ করি। আমি যেকোনো দলেই খেলি না কেন, তারা আমার খেলা দেখে। আশা করি ভালো খেলে তাদের প্রত্যাশা মেটাতে পারব।’
সাক্ষাৎকারের এ পর্যন্ত ইংরেজিতে বললেও শেষটা সাকিব করেছেন বাংলায়। মেলবোর্ন রেনিগেডসের জন্য সমর্থন চেয়ে বললেন, ‘সবাই আমাদের সমর্থন করবেন। আশা করি আমরা অনেক ভালো করব। যদিও আমাদের প্রথম কয়েকটি ম্যাচ ভালো হয়নি। আশা করি পরের কয়েকটি ম্যাচ আমরা অনেক ভালো করব এবং জিতব।’