রেলিগেশন থেকে বাঁচল ব্রাদার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিজার্ভ ডেতেও শুরু করা গেল না লিজেন্ড অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি। সকালের দিকে প্রবল বৃষ্টির কারণে মাঠ আরও অনুপযুক্ত হয়ে পড়ায় পরিত্যক্ত ঘোষিত হয়েছে ম্যাচ। এতে অবশ্য লাভ হয়েছে ব্রাদার্সেরই সবচেয়ে বেশি। পয়েন্ট ভাগাভাগি হওয়াতে ৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগের রেলিগেশন বাঁচিয়েছে। আগেই সুপার লিগ নিশ্চিত করে ফেলা রূপগঞ্জ আজকের ম্যাচ থেকে পাওয়া পয়েন্টে গিয়ে দাঁড়াল মোহামেডান, দোলেশ্বর আর আবাহনীর কাতারে। এই চার দলেরই পয়েন্ট ১৪।

গতকাল বুধবারই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল খেলাটি। কিন্তু অনুপযোগী উইকেট ও আউট ফিল্ডকে কারণ দেখিয়ে তা আর হয়নি। এ নিয়ে অবশ্য বিতর্ক হয়েছে যথেষ্টই। কোনো দলকে বিশেষ সুবিধা দিতে খেলাটি স্থগিত করা হয়েছিল কি না, বিতর্কটা এ নিয়েই।  শক্তিমত্তায় ব্রাদার্সের চেয়ে রূপগঞ্জ যে ভালো দল, সেটা তো সবাই জানে।
যা-ই হোক। আজ প্রকৃতিই সেই বিতর্কের ইতি টেনে দিয়েছে। বেলা ১১টার দিকে প্রবল বৃষ্টি খেলাটি মাঠে গড়ানোর ক্ষীণ সম্ভাবনাটুকুও শেষ করে দেয়। দুপুর ১২টার দিকে খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।