রোগ ধরেছেন, ওষুধও খুঁজছেন বিসিবি সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ড সফরে টানা ব্যর্থতায় খেলোয়াড়দের মনস্তাত্ত্বিক সমস্যা দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ফাইল ছবি
নিউজিল্যান্ড সফরে টানা ব্যর্থতায় খেলোয়াড়দের মনস্তাত্ত্বিক সমস্যা দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ফাইল ছবি

প্রথম ওয়ানডে বাদ দিলে নিউজিল্যান্ড সফরের প্রায় প্রতিটি ম্যাচেই বাংলাদেশ সুযোগ তৈরি করেছে। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। হতাশার চূড়ান্ত সীমা ছুঁয়েছে টেস্ট সিরিজে এসে। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ৫৯৫ রান করেও বাংলাদেশ হেরেছে। ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম ইনিংসে সমান লড়াইয়ের পরও চার দিনে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ ব্যর্থতার নানা বিশ্লেষণ-ব্যবচ্ছেদ চলছে। সিরিজের ব্যবচ্ছেদ করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও। বিসিবির প্রধান মনে করেন, দলের পরিকল্পনায় নয়, খেলোয়াড়দের মনস্তাত্ত্বিক সমস্যার কারণেই এই ভরাডুবি হয়েছে, ‘পরিকল্পনায় কোনো ঘাটতি বা ভুল থাকার সুযোগ নেই। এটা প্রতিটি খেলোয়াড়ের মনস্তাত্ত্বিক বিষয়। যেভাবে ব্যাটসম্যানরা শট খেলেছে, ওভাবে খেলার প্রশ্নই আসে না। সিনিয়ররা দেখেন কী সব শট খেলেছে! আমি বলব, এটা তাদের মনস্তাত্ত্বিক সমস্যা। সময়ের চাহিদা অনুযায়ী যখন যেটা দরকার ছিল, সেগুলোয় তারা গুরুত্ব দিয়েছে বলে আমার মনে হয় না।’
নিউজিল্যান্ড সফর থেকে প্রতিবারের মতো এবারও শূন্য হাতে ফিরছে বাংলাদেশ। এই ব্যর্থতার পেছনে সিনিয়র ক্রিকেটার বিশেষ করে তামিম-সাকিবদের দুষছেন নাজমুল, ‘নতুন ছেলেরা ভালো করেছে। তবে যাদের কাছ থেকে প্রত্যাশা বেশি ছিল, বিশেষ করে তামিম, সাকিব, রিয়াদ (মাহমুদউল্লাহ) ভালো খেলেনি বলে আমাদের এ অবস্থা। যখন যেটা দরকার, সেটা হয়নি। ক্রিকেটে এমন হতেই পারে। এখান থেকে কীভাবে বেরোনো যায়, আমরা সেই চেষ্টা করব।’
চোটের মিছিল দেখা গেছে এই সফরে। চোটে পড়ে দল থেকে ছিটকে পড়েছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হক। তামিমও চোট পেয়েছেন। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হাত ফাটিয়ে মাশরাফি বিন মুর্তজা নিউজিল্যান্ড ছেড়েছেন গলায় স্লিং বেঁধে। খেলোয়াড়দের চোট ভাবাচ্ছে বিসিবিকে। নাজমুল বললেন, ফিটনেস সমস্যা কাটিয়ে উঠতে জন্টি রোডসকে আনার প্রক্রিয়া চালাচ্ছে বিসিবি, ‘শারীরিক সমস্যা আছে খেলোয়াড়দের। নইলে এতজন চোটাক্রান্ত হবে কেন? বল ধরতে গেলে, রান করতে গেলে ডাইভ দিতে হবে। এখন আপনি যদি ডাইভ দিতে গিয়ে চোটে পড়েন, তাহলে বলব ফিজিক্যাল সমস্যা আছে। আমরা ফিটনেসে আরও বেশি জোর দেব। এরই মধ্যে জন্টি রোডসকে আনার প্রক্রিয়া শুরু করেছি।’