ঢাকা টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্নবিরতি চলছিল। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাঈমুর রহমানের কক্ষে তখনই বসে গেল এ বছরের পরবর্তী সিরিজগুলোর করণীয় ঠিক করার সভা। ক্রিকেট পরিচালনা প্রধানের সঙ্গে জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ম্যানেজার খালেদ মাহমুদের ওই সভাতে ঠিক হলো এ বছরের বাকি তিনটি সিরিজের ম্যাচের সম্ভাব্য সময়সূচি। আলোচনা হলো প্রস্তুতি নিয়েও। ২২-২৩ মে ফিটনেস টেস্ট হয়ে আগামী ১ জুন থেকে শুরু হবে ভারত সিরিজের প্রস্তুতি।
খেলা শুরুর সময় ঠিক হওয়াটা এমনিতে কোনো খবর নয়। তবে আসন্ন ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়ানডে ম্যাচ শুরুর সময় একটু ব্যতিক্রমই হবে। আগামী ১৮, ২১ ও ২৪ জুন ভারত সিরিজের তিনটি ওয়ানডে এবং ১০, ১২ ও ১৫ জুলাই দক্ষিণ আফ্রিকা সিরিজের তিনটি ওয়ানডে রোজার মাসে পড়বে। অন্যান্য সিরিজে দিবা-রাত্রির ম্যাচ বেলা দেড়টা বা দুইটায় শুরু হলেও এই ম্যাচগুলো শুরুর সম্ভাব্য সময় দুপুর ১২টা। টেস্ট শুরুর সময় মোটামুটি আগের মতোই থাকবে। ১০ জুন ভারত সিরিজের একমাত্র টেস্টটি সকাল ১০টা থেকে এবং দক্ষিণ আফ্রিকা সিরিজের দুটি টেস্ট শুরু হবে সকাল সাড়ে নয়টায়। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের দুটি টেস্টও সকাল সাড়ে নয়টায় শুরু হবে।
ওয়ানডে ম্যাচের সময় এগিয়ে আনার ব্যাপারে ক্রিকেট পরিচালনা-প্রধান নাঈমুর রহমানের ব্যাখ্যা, ‘রোজার মাস থাকবে বলে সেহ্রি ও ইফতারের কথা মাথায় রেখে ম্যাচের সময় ঠিক করতে হচ্ছে। একপর্যায়ে ওয়ানডে ম্যাচগুলো দিনে করা যায় কি না, সেটাও ভেবেছি আমরা। তবে খেলা শুরুর সময় যেটাই ঠিক হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়। প্রতিপক্ষ বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে।’
সভায় আলোচনা হয়েছে টেস্ট ম্যাচে ফ্লাডলাইট ব্যবহার নিয়েও। আইসিসির প্লেয়িং কন্ডিশনে আছে, মাঠে ফ্লাডলাইট থাকলে দিনের নির্ধারিত ওভার বা সময়ের খেলা শেষ করতে আম্পায়ার প্রয়োজনে ফ্লাডলাইট জ্বালাতে পারবেন। সে অনুযায়ী পরশু ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ফ্লাডলাইটে খেলা হয়েছে বাড়তি ২১ মিনিট। এ নিয়ে পরে আম্পায়ারদের ওপর ক্ষোভ ঝেড়েছেন হাথুরুসিংহে। কালকের সভায়ও নাকি কোচ প্রশ্নটা তুলে জানিয়ে দিয়েছেন, দেশের মাটির টেস্টে ফ্লাডলাইট জ্বালিয়ে খেলার পক্ষে নন তিনি। সূত্র জানিয়েছে, বিসিবির পক্ষ থেকে তাঁকে আশ্বস্ত করা হয়েছে, আসন্ন সিরিজগুলোতে যাতে টেস্টে ফ্লাডলাইট ব্যবহার না করতে হয়, সে ব্যাপারে আগেই প্রতিপক্ষ বোর্ডের সঙ্গে আলোচনা করে রাখা হবে।