রোনালদো-ইব্রার সঙ্গে গেইলের মিল!

ক্রিস গেইল, ক্রিস্টিয়ানো রোনালদো ও জ্লাতান ইব্রাহিমোভিচ—ক্রিকেট ও ফুটবলের এই তিন তারকার মধ্যে সবচেয়ে বড় মিল কোথায় বলুন তো? আত্মবিশ্বাস। এই তিন তারকারই নিজেদের সামর্থ্যের ওপর অগাধ বিশ্বাস। সমালোচকেরা কী বলল না বলল, তাতে তাঁদের কিছুই আসে–যায় না। গেইলের চোখে এ গুণটিই তাঁদের তিনজনকে এক কাতারে দাঁড় করিয়ে দেয়।
আত্মজীবনী ‘সিক্স মেশিন’-এ গেইল লিখেছেন, ‘কঠোর পরিশ্রম ও আত্মনিবেদন থেকেই আত্মবিশ্বাস আসে। ইব্রাহিমোভিচকে দেখুন কিংবা রোনালদোকে। রোনালদো বিশ্বাস করে, সে-ই সেরা। এমনকি তখনো, যখন লোকে তা নিয়ে সংশয় প্রকাশ করে বা বড় পুরস্কারের জন্য লিও মেসিকেই যোগ্য মনে করে। এসবও তাকে আটকাতে পারে না। সে নিজে জানে সে সেরা এবং এভাবেই নিজেকে অনুপ্রেরণা দেয়। অন্যরা কী বলল, তাতে ওর কিছু যায়–আসে না। তার সঙ্গে আমার এদিকে মিল আছে।’
ক্রিকেটের অবিশ্বাস্য কিছু রেকর্ড গেইলের দখলে। টেস্টে দুটি ট্রিপল সেঞ্চুরি, প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাটেই সেঞ্চুরি, টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি ছক্কা। টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি, ওয়ানডে বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরি। গেইল মানেই যেন রেকর্ড আর রেকর্ড। তবে গেইলের ধারণা, রোনালদো কিংবা ইব্রাহিমোভিচও এসব রেকর্ড গড়তে পারতেন, ‘ইব্রাহিমোভিচ যদি ক্রিকেটার হতো, এমন কিছুই করত। এসব কীর্তির সবচেয়ে মজার বিষয় হলো, বাড়তি চেষ্টাতেই তা হয় না, এগুলো স্বাভাবিকভাবেই আসে। আমি রেকর্ডের পেছনে ছুটি না। অন্যদের জন্য হয়তো এতে কাজ হয়, কিন্তু আমার ক্ষেত্রে কখনো তা হয়নি।’ সূত্র: ডিএনএ ইন্ডিয়া।