রোমাঞ্চ আনন্দ আর হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম ও আল আমিন
মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম ও আল আমিন

একজনের মনে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজের দলে ডাক পাওয়ার রোমাঞ্চ, আরেকজনের মনে দীর্ঘদিন পর দলে ফেরার আনন্দ, অন্যজন পুড়ছেন বাদ পড়ার হতাশায়। নামগুলো জেনে নিন—মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম ও আল আমিন। আফগানিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডের দলে সুযোগ পেয়েছেন প্রথম দুজন। বাদ পড়েছেন গত কিছুদিনে দলে অপরিহার্য শেষজন। 

কাল দুপুরে দল ঘোষণার পরই সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে মোসাদ্দেক। যদিও তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে গেছে গত জানুয়ারিতে। জিম্বাবুয়ের বিপক্ষে সেটি অবশ্য ছিল টি-টোয়েন্টি। মোসাদ্দেকের তৃষিত অপেক্ষা ছিল ওয়ানডে সিরিজের জন্য। এটি তাঁর প্রিয় সংস্করণ। অবশেষে অবসান হয়েছে অপেক্ষার। মোসাদ্দেকের মনে তাই বাড়তি রোমাঞ্চ, ‘টি-টোয়েন্টি দলে যখন ডাক পেয়েছিলাম তখন অনুভূতি ছিল এক রকম, এখন ওয়ানডে দলে ডাক পেয়েছি; এই অনুভূতিটা আরেক রকম। নিজে থেকে চাচ্ছিলাম আমার অভিষেক ওয়ানডে দিয়ে হোক।’

আবাহনীর হয়ে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত এক অলরাউন্ডার হিসেবে দেখা গেছে মোসাদ্দেককে। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সটা এবার জাতীয় দলে টেনে আনার চ্যালেঞ্জ তাঁর সামনে। শফিউলের চ্যালেঞ্জ তো আরও বড়। ৮ টেস্ট, ৫২ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টির অভিজ্ঞতা তাঁর। কিন্তু এই পেসার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। মনে খুশির জোয়ার বইলেও শফিউলের প্রতিক্রিয়া বেশ পরিমিত, ‘অবশ্যই ভালো লাগছে। গত বিশ্বকাপে সুযোগ পেয়েও খেলতে পারিনি। এবার সুযোগ পেলে চেষ্টা করব সেরাটা দেওয়ার।’

গত বছরের বিশ্বকাপটা শফিউলের চেয়েও বড় দীর্ঘশ্বাস হয়ে আছে আল আমিনের জন্য। টুর্নামেন্টে আফগানিস্তান ম্যাচের পরই ‘শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে শেষ হয়ে যায় তাঁর বিশ্বকাপ। তাঁর বদলি হিসেবে দলে সুযোগ পান শফিউল। কাকতালীয়ভাবে এবারও আল আমিনের সঙ্গে জড়িয়ে থাকল আফগানিস্তান, তাঁর জায়গায় সুযোগ পেলেন শফিউল। কাল সংবাদ সম্মেলনে আল আমিনের বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের যুক্তি, ‘আল আমিনের ফিটনেস নিয়ে কথা উঠেছে। যদি দুজনের (আল আমিন ও শফিউল) ফিল্ডিং দেখেন, তাহলেও পার্থক্যটা চোখে পড়বে। আর বোলিংয়ে শফিউল অনেক অভিজ্ঞ। আল আমিনের ফিটনেস-ফিল্ডিং বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি।’

আল আমিনের যে ‘ফিটনেস’ সমস্যার কথা মিনহাজুল বললেন, সেটি কিন্তু ভুল প্রমাণ করে কন্ডিশনিং ক্যাম্পে তাঁর পারফরম্যান্স। ক্যাম্পে জাতীয় দলের খেলোয়াড়দের ফিটনেসের বিভিন্ন পরীক্ষায় শুধু সাব্বির রহমানই আল আমিনের চেয়ে ভালো করেছেন। ২০১৩ সালের অক্টোবরে আন্তর্জাতিক অভিষেকের পর কখনোই চোটের কারণে দলের বাইরে থাকতে হয়নি তাঁকে।

বাদ পড়ার খবর পেয়ে হতাশ তো হয়েছেনই, তবে ভেঙে পড়ছেন না আল আমিন। বাদ পড়ার পেছনে যে কারণের কথা বলা হয়েছে, সেটিও শুনেছেন। শোনার পর তাঁর প্রতিক্রিয়া, ‘দলে নেওয়া-না নেওয়া টিম ম্যানেজমেন্টের বিষয়। যদি আমার ফিটনেস সমস্যা থাকে, চেষ্টা করব আরও বাড়ানোর। চেষ্টা করব ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে, যাতে আবারও দলে সুযোগ পাই।’