রোমাঞ্চ ছড়াচ্ছে যে সিরিজ

এই পৃথিবীতে কত আশ্চর্য ঘটনাই না ঘটে!
এটাকেও তো আশ্চর্য বলেই মানতে হবে, বাংলাদেশের এক ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজেদের ফেবারিট বলে ঘোষণা করেছেন শুনে পাকিস্তানের কোচ মাথা ঝুঁকিয়ে বলছেন, কথাটা তো ঠিকই।
সেই কোচও যেনতেন লোক নন। কাউন্টি ক্রিকেটে যখন সারের পক্ষে খেলেন, ইংল্যান্ডে মায়েরা নাকি শিশুসন্তানকে ঘুম পাড়াতে ভয় দেখাতেন, ‘ওই যে ওয়াকার বল হাতে আসছে!’ হয়তো গল্পগাথাই। কিন্তু এসব গল্পগাথা কখন তৈরি হয়?
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ফাস্ট বোলারদের সংক্ষিপ্ত তালিকা করতে গেলেও তাতে ওয়াকার ইউনিস নামটি লিখতে হবেই। সেই ওয়াকার প্রায় ১৬ বছর আগের নর্দাম্পটন ম্যাচের সবকিছু মনে করতে পারেন। ১৯৯৯ বিশ্বকাপে ওই একটি ম্যাচই যে খেলেছেন! বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হলেই অনিবার্যভাবে যে ম্যাচ সামনে এসে দাঁড়ায়।
১৬ বছরে কত কিছু বদলাল! কত টনকে টন বর্জ্য মিশে গেল বুড়িগঙ্গায়, কিন্তু পাকিস্তানকে আর হারানো হলো না! এবার কি সেই দুঃখ ঘোচার পালা?
‘দুঃখ’ই তো! বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে দুঃখের ম্যাচ মনে করতে গেলে ২০১২ এশিয়া কাপ ফাইনালের কোনো প্রতিদ্বন্দ্বীই খুঁজে পাওয়া যাবে না। ২ রানের সেই পরাজয়ের পর যাঁর কান্না পুরো দেশকে কাঁদিয়েছিল, ঘটনাচক্রে সেই সাকিব আল হাসানই আজ সিরিজের প্রথম ম্যাচের অধিনায়ক। এই সিরিজে নিজেদের ফেবারিট বলে ভাবার সাহসটা বাংলাদেশ দলে সঞ্চারিত করার কাজটাও তিনিই করছেন।
সিরিজের ট্রফি নিয়ে দুই অধিনায়কের পোজ দেওয়ার সময় অবশ্য মঞ্চে সাকিব আল হাসান নেই। সেখানে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা আজকের ম্যাচে যাঁকে দর্শক বানিয়ে রাখছে।
এই পৃথিবীতে কত আশ্চর্য ঘটনাই না ঘটে! ট্রফি হাতে ছবি তোলার সময় বাংলাদেশ অধিনায়কের পাশে পাকিস্তান অধিনায়কের এমন ম্লান হয়ে থাকাও যেমন। ওয়ানডেই খেলেছেন মাত্র ১৪টি, যার সর্বশেষটি প্রায় সোয়া দুই বছর আগে। একদা তারকাখচিত পাকিস্তান দলের ওয়ানডে অধিনায়ক এমনই তারকাদ্যুতিহীন যে, পাশ দিয়ে হেঁটে গেলেও কজন তাঁকে চিনবেন সন্দেহ!
ব্যাটিংয়ের মতো কথাবার্তাতেও আজহার আলী একই রকম নিরুত্তেজক। অধিনায়কত্ব পাওয়ার মূলেও বড় ভূমিকা তাঁর ধীরস্থির চরিত্রের। নিন্দুকেরা অবশ্য যোগ করে দেন, ‘ইয়েস স্যার’ মানসিকতারও। অধিনায়ককে পাকিস্তানের এই দলের প্রতীকীও ধরতে পারেন। পাকিস্তানের মতো প্রতিভাপ্রসবা দেশে যাঁরা দলে আছেন, নিশ্চয়ই তাঁরা ভালো ক্রিকেটার। তবে ‘তারকা’ বলতে যা বোঝায়, তেমন ক্রিকেটার খুঁজতে গেলে যে অণুবীক্ষণযন্ত্র লাগে।
এই পৃথিবীতে কত আশ্চর্য ঘটনাই না ঘটে! এটাও কি আশ্চর্যের নয় যে, এই সিরিজের বাংলাদেশ দল অভিজ্ঞতায় পাকিস্তানের চেয়ে এগিয়ে! কারণটা অনুমেয়ই। মিসবাহ ও আফ্রিদিও অবসর এবং ইউনিসের খানের বাদ পড়া একঝটকায় ৮২৪ ম্যাচের অভিজ্ঞতা কেড়ে নিয়েছে পাকিস্তানের ওয়ানডে দল থেকে। এমনিতেই তো আর ওয়াকার এই সিরিজকে নতুন যুগের সূচনা বলছেন না।
বাংলাদেশ দলে এক শর বেশি ম্যাচ খেলা ক্রিকেটারের সংখ্যা যেখানে চার, পাকিস্তান দলে মাত্র দুজন। সেই দুজনের আবার এমন এক জায়গায় মিল, যেটি এই সিরিজে বড় নির্ধারকও হয়ে যেতে পারে। অবৈধ বলে ঘোষিত হওয়ার পর দুজনকেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয়েছে। মোহাম্মদ হাফিজ এখনো সেই পরীক্ষার ফল জানার অপেক্ষায়। সাঈদ আজমল পাস করেছেন, তবে মুত্তিয়া মুরালিধরন উত্তর ক্রিকেটের সেরা অফ স্পিনার পরিবর্তিত অ্যাকশন নিয়ে আগের রূপে দেখা দিতে পারবেন কি না, এটি এখন কোটি টাকার প্রশ্ন।
পাকিস্তানের ওয়ানডে দলের বাকি ১৩ জনের তিনজন এখনো ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। আজমল-হাফিজের পর সর্বোচ্চ ৫৪টি ম্যাচ খেলেছেন যিনি, গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর একটি বোলিং স্পেল ক্রিকেটীয় রূপকথায় পরিণত। প্রশ্ন হলো, মিরপুরের উইকেটেও কি ওয়াহাব রিয়াজ ব্যাটসম্যানদের মনে একই রকম ভয়ের কাঁপন ছড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন?
মাঠে যা-ই হোক, বাংলাদেশ দলে অবশ্য ভয়ডরের চিহ্নও খুঁজে পাওয়া যাচ্ছে না। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে অমন দারুণ একটা বিশ্বকাপ খেলে আসার পর সেটিই অবশ্য স্বাভাবিক। যে আত্মবিশ্বাস শুধু পাকিস্তানের বিপক্ষে জয়খরা ঘোচানোরই নয়, সিরিজ জয়ের আশাবাদ জানানোর সাহসও দিচ্ছে সাকিবকে।
শেষ পর্যন্ত সেটি সত্যি হবে কি না, তা জানতে মাত্র কয়েক দিনই অপেক্ষা করতে হচ্ছে। তবে একটা কথা এখনই বলে ফেলা যায়। বাংলাদেশের আকাশে-বাতাসে এমন রোমাঞ্চ ছড়িয়ে আর কোনো সিরিজ শুরু হয়নি!