রোমাঞ্চ ছড়িয়েও পারল না আমিরাত

ম্যাচটা ম্যাড়ম্যাড়ে না করে একটু রোমাঞ্চের ছোঁয়া দিলে কেমন হয়, ক্রিকেট বিধাতা বোধ হয় এমন একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন আরব আমিরাতের ইনিংসের পরই!
তাই মাচটা ভালোই জমে উঠল আমিরাত অধিনায়ক আমজাদ জাভেদের হাত ধরে। ১৭ রানেই পাকিস্তানের যে ৩টি উইকেট পড়ল, প্রতিটিই তাঁর। পাকিস্তানের ব্যাটসম্যানদের এমনই চাপে রাখলেন আমিরাতের বোলাররা, ১৫ ওভার শেষেও বোঝা কঠিন ছিল, জয়ের হাসি আসলে কারা হাসবে!
যদিও শোয়েব মালিক-উমর আকমলের চতুর্থ উইকেট জুটি ততক্ষণ পাকিস্তানের জয়ের পথ অনেকটা তৈরি করে ফেলেছিল। কিন্তু ১৬তম ওভারে মালিকের ওই ক্যাচ হাতছাড়াটা বড় আক্ষেপ তৈরি করল আমিরাতের। ডিপ স্কয়ার লেগে উসমান মুসতাকের হাত থেকে যখন ক্যাচটা ফসকাল, তখন পাকিস্তানের দরকার ছিল ২৬ বলে ৪০ রান।
এমন সুযোগ পেয়ে মালিক যেন শেষ আক্রমণের ‘সবুজ সংকেত’ পেয়ে গেলেন! খোলসে ঢুকে থাকা আকমলও বেরিয়ে এলেন। এরপর দুজন এমনই চড়াও হলেন, জমে ওঠা ম্যাচটা শেষ ওভার পর্যন্ত গড়াল না। ৮ বল বাকি থাকতে ৭ উইকেটের বড় জয় নিয়ে ফিরলেন মালিক-আকমল। জয়ের সঙ্গে ‘বোনাস’ হিসেবে রেকর্ড বইয়ের এক অধ্যায়ে নামও লেখা হলো এই দুজনের। মালিক-আকমলের ১১৪ রান টি-টোয়েন্টিতে চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১২ রান উঠতেই ৩ উইকেট হারানোর পরও আমিরাত ভালোই জবাব দিয়েছিল পাকিস্তানের বোলারদের। আগের দিন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সাব্বির রহমানের ব্যাটিং বোধ হয় উদ্বুদ্ধই করেছিল শাইমন আনোয়ারকে। বিপর্যয়েও আক্রমণাত্মক খেললেন আমিরাতের এই ব্যাটসম্যান। তাঁর ইনিংসটি অবশ্য ফিফটি থেকে ৪ রান দূরে শেষ হয়েছে। তবে তার আগে আফিদ্রি-মোহাম্মদ নওয়াজকে যেভাবে বাউন্ডারি মেরেছেন, প্রশংসা শাইমনের প্রাপ্য।
উসমান মুশতাকের সঙ্গে চতুর্থ ও মুহাম্মদ উসমানের পঞ্চম উইকেট জুটিতে দলকে শাইমান পথ দেখালেও আমিরাতের চ্যালেঞ্জিং স্কোরে বড় অবদান ৬ষ্ঠ উইকেটে উসমান-জাভেদ জুটির ৪৬ রান। ২০ ওভারে আমিরাত করল ১২৯ রান, টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে এটিই তাদের সর্বোচ্চ।
আমিরকে দেখে খেলে বাকিদের ওপর চড়াও হওয়া—এটাই বোধ হয় পরিকল্পনা ছিল আমিরাতের। ৪ ওভারে ৬ রানে ২ উইকেট নেওয়া আমিরের পাশে পাকিস্তানের অন্য বোলারদের তাই খানিকটা অনুজ্জ্বল দেখাল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে কাল শততম ম্যাচ খেলতে নেমেছিল পাকিস্তান। ম্যাচটা জিতে ‘দলীয় সেঞ্চুরি’ স্মরণীয় করেই রাখলেন মালিক-আফ্রিদিরা। টুর্নামেন্টেও ফিরল পাকিস্তান।