রোমাঞ্চকর জয় উত্তরাঞ্চলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর উত্তরে, ফতুল্লা দক্ষিণে। কাল বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধনী দিনে দুই ভেন্যুতে ম্যাচও হলো ভিন্ন মেরুর। মিরপুরে হলো ম্যাড়মেড়ে একটা ম্যাচ, ফতুল্লায় স্নায়ুক্ষয়ী। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চলের ম্যাচ যখন শেষ ওভারে গড়াল, দুই দলেরই তখন জয়ের সম্ভাবনা ৫০-৫০। উত্তরাঞ্চলের দরকার ছিল ৮ রান, মধ্যাঞ্চলের ২ উইকেট। মাহমুদউল্লাহর করা ওভারের প্রথম বলটায় লেগ বাই থেকে আসে ১ রান। পরের ২ বলে টানা দুটি চার মেরেই উত্তরাঞ্চলকে জিতিয়ে দিলেন ১০ নম্বর ব্যাটসম্যান সানজামুল ইসলাম। দলকে ২ উইকেটের জয় এনে দেওয়া সানজামুল খেলেছেন এই দুটি বলই।
এই ম্যাচের নায়ক অবশ্য উত্তরাঞ্চল অধিনায়ক নাসির হোসেন। ‘ফিনিশার’ নাসির শুধু তুলির শেষ আঁচড়টাই দিতে পারেননি। ১৭তম ওভারে নাসির যখন উইকেটে আসেন, ৫৬ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে ২১০ রানের লক্ষ্যে ব্যাট করা উত্তরাঞ্চল। ঠিক ১০ ওভার পরেই স্কোরটা ৫ উইকেটে ৯৩। ফিরে গেছেন নাঈম ইসলাম ও সাব্বির রহমান। এরপর প্রথমে আরিফুল হককে সঙ্গী করে ৫৭ রান ও পরে ফরহাদ রেজাকে নিয়ে ৫২ রানের জুটিতে দলকে একেবারে জয়ের কাছাকাছি নিয়ে যান নাসির। ৯ বলে দরকার ৮ রান, কিন্তু তাসকিন আহমেদ ৩ বলের মধ্যে কোনো রান না দিয়ে নাসির ও মুক্তার আলীকে আউট করেই জাগিয়ে তোলেন শেষের ওই উত্তেজনা।
নাসির ৯৪ বলে ৬ চার ও ১ ছয়ে করেছেন ৭৬ রান। হয়েছেন ম্যাচসেরাও। উত্তরাঞ্চলের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান (৫৮ বল) নাঈমের। ফরহাদ রেজা ২৪ বলে ২০ রান করে থাকেন অপরাজিত।
এর আগে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন মধ্যাঞ্চলের অধিনায়ক মাহমুদউল্লাহ। ১২.১ ওভারে ৪৬ রান তুলে মোটামুটি ভালো সূচনাই এনে দিয়েছিলেন জাতীয় লিগের সফল উদ্বোধনী জুটি আবদুল মজিদ ও রনি তালুকদার। ৫ রানের মধ্যে দুজনের বিদায়ের পর ১১০ রানেই ৬ উইকেট খোয়ায় মধ্যাঞ্চল। এখান থেকেই আর কোনো উইকেট না খুইয়ে ২০৯ পর্যন্ত যায় মধ্যাঞ্চল। ৭৬ রান করে অপরাজিত থাকেন শামসুর রহমান। ১০১ বলে ৭ চার ও ১ ছক্কা জাতীয় দল থেকে বাদ পড়া এই ব্যাটসম্যানের ইনিংসে। ৫০ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন মোশাররফ হোসেন।