
নিউজিল্যান্ডের দরকার ৪৭ রান, শ্রীলঙ্কার ৫ উইকেট। হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিনটা শুরু হয়েছিল এই সমীকরণ নিয়েই। ৭৮ রানে অপরাজিত কেন উইলিয়ামসন—এটাই কিছুটা এগিয়ে রেখেছিল স্বাগতিকদের। কিন্তু পাগুলে তৃতীয় দিনে ১৬ উইকেট পতনের কথা মনে করেই ক্রিকেটপ্রেমীরা রুদ্ধশ্বাস সমাপ্তির প্রহর গুনছিলেন।
কিন্তু উইলিয়ামসনের ব্যাটে সব রোমাঞ্চ-টোমাঞ্চ উবে গেল সাতসকালেই। ১৪ ওভার হতে না হতেই খেলা শেষ। উইলিয়ামসন পেলেন টেস্ট ক্যারিয়ারের ত্রয়োদশ সেঞ্চুরি। আর কোনো উইকেট না হারিয়েই নিউজিল্যান্ড জিতল ৫ উইকেটে। দুই ম্যাচ সিরিজে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করে দেশের মাটিতে টানা ১৩ ম্যাচে অপরাজিত থাকার নিজেদের আগের রেকর্ডটা ছুঁয়ে ফেলল কিউইরা। সর্বশেষ যে সাফল্যধারা ছিল ১৯৮৭ সালের মার্চ থেকে ১৯৯১ সালের মার্চ পর্যন্ত।
অধিনায়ক হিসেবে ১১তম জয় পাওয়ার পর ব্রেন্ডন ম্যাককালামের মুখে শুধুই উইলিয়ামসন স্তুতি, ‘রাজার (উইলিয়ামসন) অসাধারণ এক ইনিংস।’ ম্যাককালামের কথাটা শুনেই কি না ঘণ্টা খানেক পর আইসিসিও জানিয়ে দিল টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে ‘রাজা’ এখন উইলিয়ামসন! ইংল্যান্ডের জো রুটকে সরিয়ে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান এখন তিনিই।
ম্যাককালামরা ভাসছেন উচ্ছ্বাসে। অন্যদিকে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে পোড়াচ্ছে দ্বিতীয় ইনিংসের অবিশ্বাস্য ব্যাটিং ব্যর্থতা। প্রথম ইনিংসে ৫৫ রানে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বিনা উইকেটে ৭১ রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা। এরপর মাত্র ৬২ রান যোগ হতেই শেষ ইনিংস।
ম্যাথুসের কাছে পুরো ব্যাপারটাকেই পরিহাস মনে হচ্ছে, ‘দরকার ছিল ভালো ব্যাটিং ও সূচনাটা ধরে রাখা। কিন্তু দ্বিতীয় ইনিংসে আমরা হাস্যকর রকম খারাপ করলাম। ওদের অলআউট করার জন্য বোলারদের পর্যাপ্ত রানই দিতে পারলাম না।’
টেস্টের পালা শেষ। এবার রঙিন পোশাকে লড়াইয়ে নামবে দুই দল। ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকইনফো।
সেরা পাঁচ
ব্যাটসম্যান
ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
কেন উইলিয়ামসন ৪ ২৬৮ ১০৮* ৮৯.৩৩ ১/২
মার্টিন গাপটিল ৪ ২৫৩ ১৫৬ ৬৩.২৫ ১/১
দিনেশ চান্ডিমাল ৪ ১৯২ ৮৩ ৪৮.০০ ০/২
টম ল্যাথাম ৪ ১৬৩ ১০৯* ৫৪.৩৩ ১/০
দিমুথ করুনারত্নে ৪ ১৫২ ৮৪ ৩৮.০০ ০/১
মিলিন্ডা সিরিবর্ধনা ৪ ১৫২ ৬২ ৩৮.০০ ০/১
বোলার
ওভার উইকেট সেরা গড় ৫
টিম সাউদি ৮১.৩ ১৩ ৪/২৬ ১৬.৩০ ০
দুষ্মন্ত চামিরা ৬৪.০ ১২ ৫/৪৭ ২৪.০০ ১
নিল ওয়াগনার ৬০.০ ৯ ৩/৪০ ২৬.০০ ০
ট্রেন্ট বোল্ট ৬৪.০ ৬ ২/৫১ ৩১.৮৩ ০
নুয়ান প্রদীপ ৬৫.৫ ৬ ৪/১১২ ৪১.০০ ০