রোমাঞ্চের আভাস দিয়েও ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাই স্টেডিয়াম যেন সব রোমাঞ্চ জমিয়ে রেখেছিল শেষ দিনের জন্য। দিনের অর্ধেকেরও বেশি সময় ধরে ম্যাচটা সেই রোমাঞ্চের আভাস দিয়েছিল যথেষ্টই। লাঞ্চের খানিক আগে ব্রেন্ডন ম্যাককালাম যখন নিউজিল্যান্ডের ইনিংস ঘোষণা করেন, পাকিস্তানের সামনে ২৬১ রানের লক্ষ্য। হাতে সর্বোচ্চ ৭২ ওভার। যেকোনো কিছু হতে পারে।
লাঞ্চের কিছুক্ষণ পর পাকিস্তান ১ উইকেটে ৭০ থেকে হঠাৎই ৪ উইকেটে ৭৫! ম্যাচ হেলে পড়ল নিউজিল্যান্ডের দিকে। শেষ পর্যন্ত অবশ্য কোনো বিপদ হতে দেননি ইউনিস খান ও আসাদ শফিকরা। ৪৪ রান করে ইউনিস ফিরে যাওয়ার পর ক্ষণিকের জন্য আবারও লাগাম হারিয়েছিল পাকিস্তান। সেটি আবার হাতে তুলে নিলেন আসাদ শফিক-সরফরাজরা। দিনের শেষ পর্যন্ত অপরাজিত থেকে দুজন যখন মাঠ ছাড়ছেন, পাকিস্তান ৫ উইকেটে ১৯৬। শেষটা নাটকীয় হলো না বলে ড্র দেখেই মাঠ ছাড়ল দুবাইয়ের দর্শকেরা।
৬ উইকেটে ১৬৭ রান নিয়ে দিনটা শুরু করে নিউজিল্যান্ড। তখন ৭৭ রানে থাকা রস টেলর ৯০-এর ঘরে যান খুব দ্রুতই, ১০৩ বল খেলে। কিন্তু নার্ভাস নাইনটি পেরিয়ে তিন অঙ্ক ছুঁতে স্নায়ুর ওপর কি ধকলটাই না পোহাতে হয়েছে তাঁকে। শেষ পর্যন্ত টেস্ট ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরিটা পান ১২৯ বল খেলে। টেলর ১০৪ রান করে আউট হওয়ার পর পরই ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।
জবাবে শুরুটা খারাপ হয়নি পাকিস্তানের। কিন্তু ১ উইকেটে ৭০ রান তোলার পর ট্রেন্ট বোল্ট আর মার্ক গ্রেগের তোপে পরের ৫ রান তুলতেই ৩ উইকেট হারায় পাকিস্তান। ইউনিস আর আসাদ শফিক (৪১) প্রতিরোধ না গড়লে টেস্টের ফলটা অন্য রকম হতেই পারত। টেন ক্রিকেট।