রোহিতও মানছেন, ওই ইনিংসটাই বদলে দিয়েছিল সব

বৃহস্পতিবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হারের পর থেকেই পুরো বাংলাদেশ যেন 'ইশ'- এর আক্ষেপে ভুগছে। ইশ, যদি সাকিব ক্যাচটা মিস না করত! যদি রোহিত শর্মা ওসময় আউট হয়ে যেত!
ওই ক্যাচ মিস ছাড়াও ম্যাচে হারার অনেকগুলো কারণ ছিল, অমন সবুজ পিচে দুর্দান্ত শুরুর পরও বাংলাদেশ বোলারদের শেষ দিকে পথ হারিয়ে ফেলা, ব্যাটসম্যানদের খাবি খাওয়া...তবু দিন শেষে ওই ক্যাচ নিয়েই আক্ষেপটা বেশি।
ভারতের জয়ের নায়ক রোহিত শর্মা অবশ্য সেটি নিয়ে কোনো কথাই বললেন না। তবে ইনিংসটাকে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের অন্যতম সেরাই বলছেন ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান।
ম্যাচে এ রকম ক্যাচ মিস হতেই পারে। রোহিতও হয়তো সেভাবেই দেখছেন বিষয়টিকে। তাই ক্যাচ মিসের কথা না বলে বরং বললেন নিজের ইনিংস নিয়ে, মিরপুরের অপ্রত্যাশিত সবুজ উইকেট নিয়ে। আগামীকাল এশিয়া কাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তনের মুখোমুখি ভারত। তার আগে আজ ফতুল্লায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রোহিত বললেন, ‘ইনিংসটা সহজ ছিল না। বিশ্বের এই প্রান্তে এমন উইকেট দেখা কিছুটা অস্বাভাবিকই। তবে পিচ যেমনই হোক, আমাদের নিজের সেরাটাই খেলতে হবে।’
সেরার প্রসঙ্গেই বললেন নিজের ইনিংসের কথাও। বিরুদ্ধ পরিস্থিতিতে, একবার জীবন পেয়ে যে পুরো জ্বলে উঠলেন ২৮ বছর বয়সী ব্যাটসম্যান। পয়েন্টে ক্যাচটা যখন সাকিবের হাত ফসকে বেরিয়ে গেল, তাঁর নামের পাশে ২৮ বলে মাত্র ২১ রান। স্কোরবোর্ডে ভারত ৩ উইকেটে ৫২। ওই সময় রোহিত আউট হয়ে গেলে হয়তো স্কোরবোর্ড হয়ে যায় ৪ উইকেটে ৫২। দলকে টেনে তোলার জন্য উইকেটে থাকতেন না রোহিতও। কী দারুণ একটা সম্ভাবনার হাতছানি যে ছিল! সেই রোহিতই পরে সাকিবের আক্ষেপ, বাংলাদেশের আক্ষেপ অনেক বাড়িয়ে দিয়ে করলেন ৮৩ রান, মাত্র ৫৫ বলে। ভারতের স্কোরও হয়ে গেল ১৬৬! যেমন সবুজ পিচ, তাতে ম্যাচটা ওখানেই সাকিব-মাশরাফিদের নাগালের অনেকটা বাইরে নিয়ে গিয়েছিলেন রোহিত।
দলের ভীষণ প্রয়োজনের সময়ে এমন দুর্দান্তভাবে খেলতে পেরেছেন বলেই ইনিংসটি রোহিতের কাছে অনেক মূল্যবান, ‘ইনিংসটাকে অনেক অনেক ওপরের দিকে রাখব। কারণ সবকিছুই বিপক্ষে ছিল। উইকেট সহজ ছিল না। তারওপর আমরা শুরুতেই বেশ কটি উইকেট হারিয়ে ফেললাম। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে আমার দায়িত্ব ছিল ব্যাট করে যাওয়া। আমি খুশি যে, সেটি করতে পেরেছি।’
রোহিতের খুশিটাই সেদিন কেড়ে নিয়েছে বাংলাদেশের হাসি।