রোহিতের রেকর্ড ভাঙা কঠিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ইতিহাসের সর্বোচ্চ (৪০০) ও প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসের (৫০১) মালিক। ওয়ানডেতে অবশ্য নিজেকে অনতিক্রম্য উচ্চতায় নিতে পারেননি ‘ক্যারিবিয়ান বরপুত্র’ ব্রায়ান লারা, ক্যারিয়ারে সর্বোচ্চ রান ১৬৯। কদিন আগেই ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মাকে দেখলেন ২৬৪ রান করতে। ওটি দেখেই টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানের মালিকের উপলব্ধি, ওয়ানডেতে রোহিতের এই ইনিংসকে ছাপিয়ে যাওয়া খুব কঠিন।
এক সপ্তাহ আগে যখন রোহিত শর্মা শ্রীলঙ্কান বোলারদের ওপর তাণ্ডবলীলা চালাচ্ছিলেন, লারা তখন বিমানে, যাচ্ছিলেন লন্ডনে। রোহিত তাঁর দ্বিতীয় ডাবল সেঞ্চুরির দোরগোড়ায়, লারাও পৌঁছে গেলেন হোটেলে। দেখলেন রোহিতের ওই অবিশ্বাস্য কীর্তি। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না, ‘সে যখন ২০০ রান করল, আমার কাছে এটা অবিশ্বাস্য লেগেছে। দুবার ডাবল সেঞ্চুরি? এটা যে সম্ভব, আমার কখনোই মনে হয়নি।’ তবে ওয়ানডের অভিধানে ডাবল সেঞ্চুরি যে অসম্ভব নয়, সেটি নাকি বুঝতে পেরেছিলেন ক্যারিয়ারের শুরুতেই, ‘আমরা সবাই স্যার ভিভিয়ান রিচার্ডসের ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারের ১৮৯ রানের ইনিংসটিতে দেখেছি, কীভাবে তিনি প্রতিপক্ষকে আছড়ে ফেলেছিলেন মাঠের ওপাশে। আমার মনে হয়েছিল ওয়ানডেতে ২০০ রান করা সম্ভব।’
রোহিত শর্মার ২৬৪ রানের ইনিংসটি কি ভাঙা সম্ভব? যেখানে খোদ রোহিত নিজেই ট্রিপল সেঞ্চুরির চেষ্টা করবেন বলে জানিয়েছেন! লারা বলছেন, এটা অনেক কঠিন হবে, ‘বলতে গেলে এটা এখন ধরাছোঁয়ার বাইরে। এটা একেবারেই অনন্য এক পারফরম্যান্স। এটিকে অতিক্রম করা খুব কঠিন।’ ২২,৩৫৮ আন্তর্জাতিক রানের মালিক এমন কীর্তির পেছনে দেখছেন টি-২০-এর অবদান, ‘টি-২০ ক্রিকেটারদের আত্মবিশ্বাসটাই বদলে দিয়েছে। ওয়ানডেতে ২০০-২৫০ রানকেও এখন মামুলি মনে হয়।’
ওয়ানডেতে রোহিতের রেকর্ড ভাঙা কঠিন, তবে টেস্টে লারা যে চূড়ায় উঠেছেন, সেটি কি আদৌ ভাঙা সম্ভব? লারা বলছেন, টি-২০-এর কল্যাণে এটিও অসম্ভব নয়, ‘মানুষ আমাকে জিজ্ঞেস করে ৪০০ রানের রেকর্ড ভাঙবে কি না। আমি বলছি, এটি ভাঙবে টি-২০-এর জন্য। ক্রিস গেইল, বিরাট কোহলির মতো ব্যাটসম্যান যে গতিতে রান করে, তারা যদি একটি ভালো ব্যাটিং উইকেটে দু দিন ব্যাটিং করতে পারে, তাহলে যেকোনো কিছুই সম্ভব।’
গেইল, কোহলিরা লারার কথা শুনেছেন তো? আইএএনএস।