রোনালদোর রেকর্ডেই শেষ আটে রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে রিয়াল মাদ্রিদ উড়ছিল, তারাই হঠাৎ করে যেন পথ হারানো এক দল। লা লিগায় টানা দুই ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে ড্র আর অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হারের পর চ্যাম্পিয়ন লিগেও তারা ছন্দহীন। সান্তিয়াগো বার্নাব্যুতে জার্মানির শালকের কাছে রিয়াল হেরেছে ৪-৩ গোলে। তবে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শালকের মাঠে প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল রিয়াল।
দল হারলেও পরশু রাতে জোড়া গোল করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন রিয়ালের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। রাউল গঞ্জালেস (৭৭) ও লিওনেল মেসিকে (৭৬) ছাড়িয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো। ইউরোপীয় টুর্নামেন্টে এখন রোনালদোর গোল ৭৮টি।
এ ছাড়া চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ডেও মেসিকে ছুঁয়েছেন তিনবার ব্যালন ডি’অর জেতা রোনালদো। চ্যাম্পিয়নস লিগে এখন দুজনেরই গোল ৭৫টি করে (বাছাইপর্ব বাদে)।
পরশু অন্য ম্যাচে সুইস ক্লাব বাসেলকে ৪-০ গোলে হারিয়েছে পোর্তো। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে পর্তুগালের ক্লাবটি। এএফপি।