রোমাঞ্চ গোপন রেখে অপেক্ষায় মেলবোর্ন

ডন ব্র্যাডম্যান আছেন। তা তো থাকবেনই। আছেন ডেনিস লিলি, কিথ মিলার, বিল পন্সফোর্ড, নিল হার্ভিও। শুধু ক্রিকেটারই নন, ফুটবলার-অ্যাথলেটরাও। শর্ত মাত্র দুটি। প্রথমটি তো অবশ্যই নিজের খেলায় কিংবদন্তিতুল্য হতে হবে। দ্বিতীয় শর্ত, এমসিজির সঙ্গে কোনো না কোনোভাবে গাঁটছড়া বাঁধা থাকতে হবে।
দ্বিতীয় শর্তটিতে এসে ডনকেও হারিয়ে দিচ্ছেন শেন ওয়ার্ন। ডনসহ বাকিদের মূর্তি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের অন্য সব গেটের সামনে। মূল প্রবেশপথের সামনে লেগ স্পিনের কিংবদন্তি। হাত থেকে বল ছাড়ার ঠিক আগের মুহূর্ত। রহস্যময় সেই লেগ ব্রেক ছাড়ছেন না আততায়ী ফ্লিপার, সেটি জানেন শুধু ব্লন্ডচুলো জাদুকরই। কাল বিকেলে ওয়ার্নের সেই মূর্তির পাশ দিয়ে মাঠের দিকে এগোতে থাকা দু-তিনজনের মুখে ‘মাইকেল ক্লার্ক’ নামটা উচ্চারিত হতে শুনলাম।
এমসিজির গ্যালারিতে খাঁ খাঁ শূন্যতা। ৯০ হাজারের আসনের স্টেডিয়ামে মেরেকেটে হাজার তিন-চার দর্শক। এটাই তো অনেক! মাঠে সংযুক্ত আরব আমিরাত বনাম অস্ট্রেলিয়া। ডেভিড বনাম গোলিয়াথও বলতে পারেন। গল্পটার মতো কোনো চমক অবশ্য এখানে নেই। গোলিয়াথের তোপে চূর্ণবিচূর্ণ ডেভিড। অস্ট্রেলিয়া ১৮৮ রানে জয়ী।
একেবারেই অনাবশ্যক একটা তথ্য। এই ম্যাচের ফল কে জানতে চায়! অর্থহীন সেই ম্যাচই যে তাঁর ক্যারিয়ারে এত বড় হয়ে দেখা দেবে, মাইকেল ক্লার্কের কোনো দিন কল্পনা করারও কথা নয়। নিজের দেশে বিশ্বকাপে অস্ট্রেলিয়া অধিনায়ককে পাবে কি না, আকাশে-বাতাসে উড়তে থাকা মিলিয়ন ডলার প্রশ্নের যে উত্তর খোঁজা হলো এই ম্যাচে। তা উত্তর কী পাওয়া গেল?
ওপেন করতে নেমে ৬৪ রান। ২ ওভার বোলিং। ডেডলাইন ঠিক করা হয়েছিল ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। মাঠে চনমনে ক্লার্ক আগামী শনিবারই তাঁকে নামিয়ে দেওয়া যায় কি না, উল্টো এই প্রশ্ন তুলে দিলেন। কোচ ও অন্যতম নির্বাচক ড্যারেন লেম্যান তো সেটিকে অবান্তর বলে উড়িয়ে দিলেনই না, পরদিন মানে আজ সকালে অনুশীলনে ক্লার্ককে দেখার কথা বলে অনিশ্চয়তাটাকে আরও বাড়িয়ে দিলেন।
এমসিজি মাঠটা যেমন সুন্দর, মাঠের চারপাশটাও তা-ই। পুরো মেলবোর্ন শহরটাই তো ছবির মতো। শুধু বহিরঙ্গই নয়, সব ক্ষেত্রেই মেলবোর্ন অনন্য। টানা চার বছর বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের স্বীকৃতি তো আর এমনি মেলেনি! এমসিজি থেকে বেরিয়ে রাস্তা পেরোলেই গলফ কোর্সের মতো সবুজ পার্ক। রাস্তার বুক চিরে চলা প্রাগৈতিহাসিক ট্রাম ঐতিহ্যের জয়গান গেয়ে যেন যোগ করছে বাড়তি সৌন্দর্য। সাজানো-গোছানো বাগানের মতো সেই মেলবোর্ন এখন দিনের বদলে ক্ষণ গুনছে ক্রিকেট মহোৎসবের। কাল যে গ্যালারিতে ছিল শূন্যতার হাহাকার, শনিবার সেটিই গমগম করবে লাখের অঙ্ক ছুঁই-ছুঁই দর্শকে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড চিরকালই অন্য এক মহিমার ধারক। এবার সেটি আরও প্রতীক্ষিত হয়ে উঠছে দুই দলের খেলোয়াড়দের মুখ থেকেই কথার ফুলকি ছোটায়। সময়ের হিসাবে বিশ্বকাপের শুরু ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে। তবে সাড়ে পাঁচ ঘণ্টা পর শুরু হয়েও আগ্রহের বিচারে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডই যেন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।
তাই বলে ‘উত্তেজনায় কাঁপছে মেলবোর্ন’ জাতীয় শিরোনাম করার কোনো উপায় নেই। বরং বিশ্বকাপ বলতে বাংলাদেশে সাজ সাজ রবে অভ্যস্ত কেউ এখানে এসে বড় একটা ধাক্কাই খাবে। পুরো বিপরীত আবহটা বোঝাতে বাসযোগ্য শহরের তুলনাটা এখানে বেশ খেটে যায়। মেলবোর্ন যেখানে এক নম্বর, ঢাকা নিচের দিক থেকে দ্বিতীয়। সেটিও সিরিয়ার দামেস্ক যুদ্ধে ক্ষতবিক্ষত বলেই। বিশ্বকাপ যেখানে ঢাকাকে আলোর রোশনাইয়ে বিয়েবাড়ির রূপ দেয়, এখানে এমসিজির বাইরে বিশ্বকাপের কোনো চিহ্নই নেই।
তাই বলে আবার ভেবে বসবেন না, বিশ্বকাপ নিয়ে অস্ট্রেলিয়ানদের কোনো হেলদোল নেই। ২৩ বছর পর বিশ্বকাপ ফিরছে দক্ষিণ গোলার্ধের এই দেশে। তা নিয়ে রোমাঞ্চ অবশ্যই আছে। তবে যে দেশের যে রীতি। রোমাঞ্চের প্রকাশ একেক দেশে একেক রকম। মেলবোর্নের সবচেয়ে নামী দৈনিক দি এজ পত্রিকা বরং প্রশ্ন তুলেছে, আবার বিশ্বকাপের রঙ্গমঞ্চ হতে অস্ট্রেলিয়াকে এত দিন অপেক্ষা করতে হলো কেন? ১৯৯২ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের পর বিশ্বকাপ, ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ও চ্যাম্পিয়নস ট্রফি মিলিয়ে আইসিসি টুর্নামেন্ট হয়েছে মোট ১৭টি। একক ও যৌথ আয়োজক হিসেবে সর্বোচ্চ চারবার তা পেয়েছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। তিনবার আয়োজনের সুযোগ পেয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশও। যৌথ আয়োজনের কথা বললে কেনিয়া পর্যন্ত দুবার। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে তাই স্বীকার করতে হয়েছে, অস্ট্রেলিয়ার প্রতি আসলে অবিচারই হয়েছে। রঙিন পোশাক, সাদা বল, দিবারাত্রির ম্যাচ মিলিয়ে ১৯৯২ বিশ্বকাপ হয়ে আছে নতুন যুগের সূচনার স্মারক। এবারের বিশ্বকাপেও এমন স্মরণীয় কিছুই উপহার দেওয়ার সব আয়োজন এখন চূড়ান্ত। যেটির আনুষ্ঠানিক শুরু আজ উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে। সিডনি মাইয়ার মিউজিক বোওলের সেই উদ্বোধনী অনুষ্ঠানে নাচ-গান থাকবে, আতশবাজিও। বিশ্বকাপ কিংবদন্তিরা থাকবেন, এই বিশ্বকাপের অধিনায়কদের অনেকেও। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা হেলিকপ্টারে উড়ে আসছেন সিডনি থেকে। বিশেষ একটা মুহূর্তও নাকি থাকবে, যেটিকে আরও ‘বিশেষ’ করে তুলতে যা গোপনীয়তার আবরণে ঢাকা।
আয়োজক দুই দেশে উদ্বোধনী ম্যাচের দুই শহরেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। অস্ট্রেলিয়ার ভেন্যুটা শহরের নাম ভুল বোঝাতে পারে। সিডনি মাইয়ার মিউজিক বোওল সিডনিতে নয়, এমসিজি থেকে ৩-৪ কিলোমিটার দূরে মেলবোর্ন শহরের প্রাণকেন্দ্রে। সিডনি মাইয়ার নামে এক ব্যবসায়ী ও সমাজসেবীর নামে এটির নাম। বিনা টিকিটে মিউজিক কনসার্ট আয়োজন করাটা ছিল যাঁর অনেক নেশার একটি।
আজকের উদ্বোধনী অনুষ্ঠান সাড়ম্বরে জানিয়ে দেবে, বিশ্বকাপের নেশায় বুঁদ হওয়ার সময়ও এসেই গেল!