রোমাঞ্চ ছড়িয়ে ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রফিটা তাঁদের দুজনের নামে। সিডনিতে কাল শেষ টেস্টের পর সেই দুই কিংবদন্তি অ্যালান বোর্ডার আর সুনীল গাভাস্কারের হাত থেকেই ‘বোর্ডার-গাভাস্কার ট্রফি’ নিলেন সিরিজজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ l রয়টার্স
ট্রফিটা তাঁদের দুজনের নামে। সিডনিতে কাল শেষ টেস্টের পর সেই দুই কিংবদন্তি অ্যালান বোর্ডার আর সুনীল গাভাস্কারের হাত থেকেই ‘বোর্ডার-গাভাস্কার ট্রফি’ নিলেন সিরিজজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ l রয়টার্স

সিডনির মাঠে শেষ বিকেল। আলো কমে আসছে একটু একটু করে। অস্ট্রেলিয়ার দরকার আর ৩টি উইকেট, ভারত লড়ছে ম্যাচ বাঁচাতে।
বছর ছয়েক আগে একই মাঠে নাটকের শেষটা তো এমনই ছিল। থিতু হওয়ার পর ধোনি হঠাৎ আউট হয়ে গেলেন। দিনের খেলার তখনো ১০ ওভারের মতো বাকি, ভারতের হাতে ৩ উইকেট। হরভজন সিংকে সঙ্গে নিয়ে জানপ্রাণ দিয়ে লড়ছেন অনিল কুম্বলে। কিন্তু হঠাৎ বল হাতে পেয়ে ভারতের সব হিসাব গড়বড় করে দিলেন মাইকেল ক্লার্ক। তাঁর দ্বিতীয় ওভারের প্রথম বলেই হরভজন গেলেন, পরের বলে রুদ্রপ্রতাপ সিং। পঞ্চম বলে ইশান্ত শর্মাকেও তুলে নিয়ে ভারতের লেজ গুটিয়ে দিলেন ক্লার্ক।
সেই ক্লার্ক কালও ছিলেন সিডনিতে। তবে বল হাতে নয়, মাইক্রোফোন হাতে ধারাভাষ্যকক্ষে। মাঠে বলটা শেষ দিকে সবচেয়ে বেশি যাঁর হাতে ছিল সেই নাথান লায়ন দিনের শেষ ওভার পর্যন্ত চেষ্টা করে গেলেন। কিন্তু আজিঙ্কা রাহানে আর ভুবনেশ্বর কুমারের জুটিটা ভাঙতে পারলেন না। প্রায় ১২ ওভার একরকম মাটি কামড়ে পড়ে থেকে দুই ভারতীয় ব্যাটসম্যান যখন ফিরছেন, সাজঘরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন বিরাট কোহলি। রোমাঞ্চকর ড্রয়ে স্টিভেন স্মিথের মুখেও হাসির রেখা। সিডনিতে আসার আগেই ২-০-তে এগিয়ে থেকে বোর্ডার-গাভাস্কার ট্রফি যে নিশ্চিত করে রেখেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
দিনের শুরুটা অবশ্য এই টেস্টে ফলের আভাসই দিচ্ছিল। ৬ উইকেটে ২৫১ রান নিয়ে আগের দিনটা শেষ করা অস্ট্রেলিয়া কাল আর ব্যাট করতে নামেনি। ভারতের সামনে লক্ষ্যটা তাই দাঁড়ায় ৩৪৯। সেটি তাড়া করতে নেমে ভারত চা-বিরতি পর্যন্ত ২ উইকেটে ১৬০। শেষ সেশনে বাকি ৩৩ ওভারে ১৮৯ রান দরকার। মুরালি বিজয়কে সঙ্গে নিয়ে ক্রিজে আছেন দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক কোহলি। আক্রমণাত্মক ক্রিকেট খেলে যিনি এরই মধ্যে ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে প্রশংসিত হয়েছেন। কিন্তু হিসাবটা গড়বড় হয়ে যায় চা-বিরতির পরের চতুর্থ ওভারেই। ব্যাট হাতে যাঁকে খুব স্বছন্দ মনে হচ্ছিল সেই বিজয়কে ফেরালেন জশ হ্যাজেলউড। ৮০ রানে ব্র্যাড হাডিনের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে অবশ্য কয়েকবার লায়নের ওপর চড়াও হয়েছেন তিনি। লাঞ্চ ও চা-বিরতির আগে দুবার অস্ট্রেলিয়ান স্পিনারের ওভারে নিয়েছেন ১৬ রান করে। বিজয় আউট হওয়ার পর কোহলি ও সুরেশ রায়নাকে ২ রানের ব্যবধানে ফিরিয়ে দিয়ে ভারতকে জোরেশোরে ধাক্কা দেন মিচেল স্টার্ক। এরপর লায়নের ঘূর্ণিতে ঋদ্ধিমান সাহাও ফিরে গেলে ২ উইকেটে ১৭৮ থেকে ৬ উইকেটে ২০৮ হয়ে যায় ভারত। ম্যাচ বাঁচানোটাই তখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোহলির দলের জন্য।
শেষ পর্যন্ত অবশ্য অ্যাডিলেডের মতো নাটকীয় জয় পায়নি অস্ট্রেলিয়া। আবার মেলবোর্নের মতো ম্যাড়মেড়ে ড্রও হয়নি। দারুণ একটা সিরিজ ঠিক যেভাবে শেষ হওয়ার কথা ছিল সিডনি কাল সে রকম রোমাঞ্চকর সমাপ্তিই উপহার দিল। ক্রিকইনফো, স্টার স্পোর্টস।
সিরিজের সেরা পাঁচ
ব্যাটসম্যান
ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
স্টিভেন স্মিথ ৮ ৭৬৯ ১৯২ ১২৮.১৬ ৪/২
বিরাট কোহলি ৮ ৬৯২ ১৬৯ ৮৬.৫০ ৪/১
মুরালি বিজয় ৮ ৪৮২ ১৪৪ ৬০.২৫ ১/৪
ডেভিড ওয়ার্নার ৮ ৪২৭ ১৪৫ ৫৩.৩৭ ৩/০
ক্রিস রজার্স ৮ ৪১৭ ৯৫ ৫২.১২ ০/৬
বোলার
ওভার উইকেট সেরা গড় ৫/১০
নাথান লায়ন ২২৩.৪ ২৩ ৭/১৫২ ৩৪.৮২ ২/১
মোহাম্মদ শামি ১২৬.৩ ১৫ ৫/১১২ ৩৫.৮০ ১/০
মিচেল জনসন ১২২.২ ১৩ ৪/৬১ ৩৫.৫৩ ০/০
জশ হ্যাজলউড ১২৫.২ ১২ ৫/৬৮ ২৯.৩৩ ১/০
রবিচন্দ্রন অশ্বিন ১৭১.৪ ১২ ৪/১০৫ ৪৮.৬৬ ০/০
সংখ্যায়
৫৮৭০
সিরিজে অস্ট্রেলিয়া ও ভারতের মোট রান। চার টেস্টের সিরিজে এর চেয়ে বেশি রান আর হয়নি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬৫১ রানও অস্ট্রেলিয়া-ভারত সিরিজে ২০০৩-০৪ মৌসুমে।
৮
কোনো টেস্ট সিরিজে এই প্রথম দুই দল মিলিয়ে ৮ বার ৪০০ কিংবা এর চেয়ে বেশি রান তুলেছে।
৭৬৯
সিরিজে স্টিভেন স্মিথের রান। সিরিজে চার ম্যাচ খেলে টেস্ট ইতিহাসে স্মিথের চেয়ে বেশি রান করেছেন দুজন—ভিভ রিচার্ডস (৮২৯, ১৯৭৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে) ও সুনীল গাভাস্কার (৭৭৪, ১৯৭০-৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)।
৬৯২
সিরিজে বিরাট কোহলির রান, যেটি অস্ট্রেলিয়ায় কোনো ভারতীয় ব্যাটসম্যানের এক সিরিজে সবচেয়ে বেশি রান। যেকোনো সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। কোহলির আগে দুবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ৭০০ ছাড়ানো রান করেছেন সুনীল গাভাস্কার।
২
গত ২০ বছরে সিডনিতে ড্র হওয়া টেস্টের সংখ্যা। এই সময়ে সিডনিতে ২২টি টেস্ট খেলে অস্ট্রেলিয়া জিতেছে ২০টিতে। এবার ড্রয়ের আগের ড্রটাও ভারতের বিপক্ষেই, ২০০৪ সালে।