
সারা ক্রিকেট-বিশ্বই যেখানে শোকের চাদরে ঢাকা পড়েছে, সেখানে শারজাও ব্যতিক্রম হতে পারে না। বাউন্ডারিতে হাততালি নেই, উইকেট পড়লেও নেই বাড়তি উচ্ছ্বাস। ফিল হিউজের অকালমৃত্যুতে এক দিন বিরতি দিয়ে কাল হয়েছে শারজা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। এদিন নিষ্প্রাণ মাঠে ব্রেন্ডন ম্যাককালাম রোমাঞ্চ ছড়িয়ে নিউজিল্যান্ডের পক্ষে দ্রুততম টেস্ট সেঞ্চুরি করলেন, তাঁর দল এতেই দেখছে বড় রানের আশা।
দিনটাই আসলে ছিল নিউজিল্যান্ডের। দিনের চতুর্থ ওভারে আগের দিনের সঙ্গে কোনো রান যোগ না করেই আউট হয়ে যান মিসবাহ-উল-হক। ১৭৮ রানে দিন শুরু করা মোহাম্মদ হাফিজকে হাতছানি দিচ্ছিল ডাবল সেঞ্চুরি। কিন্তু নিজের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতেই থেমে যান হাফিজ। মিসবাহর উইকেট নিয়েছেন সাউদি, হাফিজেরটা সোধি। ৩৫১ রানে অলআউট পাকিস্তানের বাকি ৫ উইকেটই নিয়েছেন অফ স্পিনার মার্ক ক্রেগ, ক্যারিয়ার-সেরা বোলিংয়ে নিয়েছেন ৭ উইকেট।
বোলিংয়ে ক্রেগ যেখানে শেষ করেছেন, ম্যাককালাম যেন সেখান থেকেই শুরু করেছেন। টম ল্যাথামকে ১৩ রানে ফিরিয়ে দিয়ে রাহাত আলী আনন্দের উপলক্ষ এনে দেন, কিন্তু ওই পর্যন্তই। আলোকস্বল্পতায় ৭ ওভার আগেই দিনের খেলা শেষ হওয়ার আগে ৪৫ ওভারে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ম্যাককালাম। ৩০ বলে তুলে নিয়েছেন ফিফটি (নিউজিল্যান্ডের পক্ষে দ্বিতীয় দ্রুততম, ২৯ বলে রেকর্ডটা টিম সাউদির), স্ট্রোক খেলেছেন উইকেটের চারদিকেই। তালহাকে ১ ওভারে ৪টি চার মেরে ৮২ থেকে পৌঁছে যান ৯৮-তে, জুলফিকার বাবরের পরের ওভারে ৭৮ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। দিন শেষে ম্যাককালামের অপরাজিত ১৫৩ রানের ইনিংসে ৬ ছিল আটটি। ওপাশ থেকে তাঁকে যোগ্য সংগত করেছেন কেন উইলিয়ামসন, ৯৬ বলে ৭৬ রান করে থেকে যান অপরাজিত। অবিচ্ছিন্ন ১৯৮ রানের জুটিটাকে আজ আরও অনেক দূরই এগিয়ে নিতে চাইবেন দুজন। টেন ক্রিকেট, ক্রিকইনফো।