রোমাঞ্চ ছড়িয়েও কিউইদের কাছে ধোনিদের হার

পেন্ডুলামের কাটার মতো দুলুনি যাকে বলে, ঠিক সেভাবেই দুলল ম্যাচটা। কখনো মনে হয়েছে ভারত হেসেখেলে জিততে যাচ্ছে, তো কখনো কাঁটাটা হেলে যাচ্ছিল নিউজিল্যান্ডের দিকে। শেষ ওভার পর্যন্ত রোমাঞ্চ ছড়াল ম্যাচটা—শেষ পর্যন্ত যাতে হাসিটা ফুটল কিউইদের মুখেই। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড জিতল ৬ রানে। পাঁচ ম্যাচের সিরিজেও সমতায়ও এল (১-১)।
আগে ব্যাট করে নিউজিল্যান্ড করেছে ২৪২ রান। টি-টোয়েন্টির এই যুগে ওয়ানডেতে এ আর এমন কী রান! কিন্তু সেটি তাড়া করতেও যে ম্যাচে এমন রোমাঞ্চ ছড়াবে তা কে জানত! ৪০ ওভার শেষেও মনে হচ্ছিল, ম্যাচটা সহজেই জিততে যাচ্ছে ভারত। পাঁচ উইকেট হাতে, রানও হয়ে গেছে ১৮০। কিন্তু ৪১তম ওভারটিতেই ভারত খেল দুটি বড় ধাক্কা। দিলেন কে? আগে কেউ বললে হয়তো বিশ্বাসও করতেন না—মার্টিন গাপটিল। ওই এক ওভারেই অক্ষর প্যাটেল ও অমিত মিশ্রকে ফিরিয়ে দেন গাপটিল।
শেষ নয় ওভারে ভারতের হাতে ৩ উইকেট। ক্রিজে নেই কোনো সেট ব্যাটসম্যান, রানও দরকার ৬০। তখন আবার ম্যাচটা নিউজিল্যান্ডের দিকেই হেলে ছিল। কিন্তু অত সহজে কোনো উপসংহারে যেতে দিতে রাজি ছিল না ম্যাচটা। ভারতের শেষ আশার প্রদীপ হয়ে দাঁড়িয়ে গেলেন গত ম্যাচেই ওয়ানডে অভিষেক হওয়া হার্দিক পান্ডিয়া। তাঁকে যোগ্য সংগত দিলেন ৯ নম্বরে নামা উমেশ যাদব। এ দুজনে নবম উইকেটে যোগ করলেন ৪৯ রান। তখন আবার ম্যাচে ভারতের জয়ই মনে হচ্ছিল একমাত্র সম্ভাব্য ফল।
কিন্তু ওই যে, ক্রিকেটে এক বলের নাই ভরসা! নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করা ট্রেন্ট বোল্ট (১০ ওভারে ২৫ রানে ২ উইকেট) ৪৯তম ওভারে বোলিং করতে এসে ফিরিয়ে দেন পান্ডিয়াকে। ওভারের পঞ্চম বলে অফ সাইডে অদ্ভুত দর্শন এক শট খেলতে গিয়ে বল হাওয়ায় ভাসিয়ে দেন পান্ডিয়া। ভারতের জয়ের আশাও সেখানেই হাওয়া।
আগে ব্যাট করে নিউজিল্যান্ড যে ২৪২ রানে থেমেছে, সেটিও এক আশ্চর্য। অধিনায়ক কেন উইলিয়ামসনের দুর্দান্ত সেঞ্চুরি (১২৮ বলে ১১৮ রান), সঙ্গে টম ল্যাথামের ৪৬ রানে বড় সংগ্রহই দেখছিল নিউজিল্যান্ড। একপর্যায়ে ৪২ ওভারে ৪ উইকেটে ২১৩ রানও করেছিল তারা। কিন্তু শেষ ছয় ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক পেরোতে না পারায় নিউজিল্যান্ড থামে মাত্র ২৪২ রানে।
ছোট লক্ষ্য, কিন্তু সেটি তাড়া করতে দু-একটা বড় ইনিংস তো লাগত ভারতের। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৩৯), কেদার যাদবরা (৪১) সেটি করতে পারলেন না। শেষ দিকে পান্ডিয়ার ইনিংসটা তাই শুধু রোমাঞ্চই ছড়াল।