রোমাঞ্চর ড্র, ২১ বছর পর লঙ্কায় প্রোটিয়াদের সিরিজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন জাল বিছিয়েও জয় তুলে নিতে পারল না শ্রীলঙ্কা। ছবি: এএফপি
এমন জাল বিছিয়েও জয় তুলে নিতে পারল না শ্রীলঙ্কা। ছবি: এএফপি

মাঠ ছেড়ে বেরিয়ে আসার সময় আকাশের দিকে তাকালেন মাহেলা জয়াবর্ধনে। সানগ্লাসটা হ্যাটের ওপর রাখা ছিল বলে দুচোখের হতাশাটা পড়তে একদমই কষ্ট হলো না। জয়াবর্ধনে যেন ঈশ্বরের কাছে নালিশই জানাচ্ছিলেন। কেন, ঈশ্বর কেন!

শ্রীলঙ্কায় কোনো টেস্ট ম্যাচে বৃষ্টির উত্পাত নতুন কিছু নয়। কলম্বো টেস্টেও মাঝেমধ্যেই বাগড়া দিয়েছে বৃষ্টি। এমনকি আজ শেষ দিনের শেষ সেশনেও বৃষ্টির কারণে ২২ মিনিট বন্ধ ছিল খেলা। আম্পায়াররা যথাসম্ভব চেষ্টা করেছেন না-হওয়ার ওভারগুলো পুষিয়ে নিতে। কিন্তু সেটাও যথেষ্ট ছিল না শ্রীলঙ্কার জন্য।

আর তাই কলম্বো টেস্টে জয়ের একদম দ্বারপ্রান্তে গিয়েও ম্যাচটা ড্র করতে হলো শ্রীলঙ্কাকে। জয়াবর্ধনেও ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে প্রথমবারের মতো তিক্ত স্বাদ পেলেন নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের। দক্ষিণ আফ্রিকা সর্বশেষ সেই ১৯৯৩ সালে যে শ্রীলঙ্কা থেকে জিতে ফিরেছিল কোনো টেস্ট সিরিজ।

অথচ অষ্টম ব্যাটসম্যান হিসেবে ডেল স্টেইন যখন ফিরে আসেন, মেঘ ফুঁড়ে দেখা দেওয়া ঝলমলে রোদ্দুরের মতো জয়ের আশা জেগে উঠেছিল শ্রীলঙ্কার। তখনো দিনের ৯ ওভারের মতো বাকি। ৯ ওভার মানে ৫৪টি বল! কিন্তু ইমরান তাহিরকে সঙ্গে নিয়ে রোমাঞ্চর সেই শেষ এক ঘণ্টা পার করে দিলেন ভারনন ফিল্যান্ডার। জয়ের সমান ড্র পেল দক্ষিণ আফ্রিকা। এই ড্র যে ১-০তে সিরিজ জেতাল হাশিম আমলার দলকে।

এই ড্রয়ে আমলার কৃতিত্বই বেশি। প্রথম ইনিংসে একাই লড়েছেন ১৩৯ রানের ইনিংস খেলে। ওই ইনিংসে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল ডি ভিলিয়ার্সের ৩৭! সেই আমলা এবার খেললেন ২৫ রানের দারুণ এক ইনিংস।

খেলাটা দেখে না থাকলে ‘২৫ রানের দারুণ ইনিংস’ আপনাকে বিভ্রান্ত করবে। আমলা যে দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১৫৯টি বল। একাই খেয়ে ফেলেছেন ২৬ ওভার! এই ওভার খেয়ে ফেলাই ছিল শেষ দিনে দক্ষিণ আফ্রিকার আসল মিশন। তাতে ফিল্যান্ডারের ভূমিকাও আছে। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন বলেই নয়, আটে নেমে খেলেছেন ৯৮টি বল।

রঙ্গনা হেরাথ আর দিলরুয়ান পেরেরা—দুই উদ্বোধনী বোলিং জুটি তাঁদের স্পিন দিয়ে যথাসাধ্য চেষ্টা করেছেন। নিয়মিত বিরতিতে উইকেটও তুলেছেন। কিন্তু শেষ পর্যন্ত আট উইকেট ভাগাভাগি (হেরাথ ৫টি, পেরেরা ৩) করে নিলেও আসল দুটো উইকেট আর নিতে পারলেন না।