২০০৩ সালে বলা হয়েছিল তাঁর অভিজ্ঞতা নেই। চার বছর পরের বিশ্বকাপে জায়গা হয়নি চোটের কারণে। কী দুর্ভাগ্য, ২০১১ বিশ্বকাপের সময় ফর্মটা এত বাজে ছিল যে আবারও উপেক্ষিত। অবশেষে এবার স্বপ্নপূরণ হচ্ছে হ্যামিল্টন মাসাকাদজার। ৩১ বছর বয়সে প্রথম খেলবেন বিশ্বকাপে। কেমন এই অনুভূতি? জিম্বাবুইয়ান একটি দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে মাসাকাদজা বলেছেন, ‘বিশ্বকাপের দল ঘোষণার দিন আমি খুবই চিন্তায় ছিলাম। মনে হচ্ছিল এবারও হয়তো দলে জায়গা হবে না। শেষ পর্যন্ত যখন নিজের নামটা দেখলাম, খুব গর্ব হচ্ছিল। এটা আমার স্কুলজীবনের স্বপ্ন।’ আর সেই স্বপ্ন সত্যি হচ্ছে দেখে এতটাই রোমাঞ্চিত হয়ে উঠেছিলেন যে কীভাবে উদ্যাপন করবেন তা-ই নাকি ভেবে পাচ্ছিলেন না, ‘আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমার একটা পরাবাস্তব অনুভূতি হলো।’ দল তাঁর ওপর আস্থা রেখেছে। এবার ব্যাট হাতে সেই আস্থার প্রতিদান দিতে চান মাসাকাদজা, ‘আমি টপ অর্ডারে রান করতে চাই যাতে দল ম্যাচ জিততে পারে।’ ক্রিকবাজ।