রোমাঞ্চের অপেক্ষায় পাল্লেকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিচ্ছিন্ন ২১৭ রানের জুটি গড়ে ৩৭৭ রানের কঠিন লক্ষ্যটাকেও পাকিস্তানের নাগালে নিয়ে এলেন ইউনিস খান (বাঁয়ে) ও শান মাসুদ। কাল পাল্লেকেলেতে সেঞ্চুরি পেয়েছেন দুজনই l এএফপি
অবিচ্ছিন্ন ২১৭ রানের জুটি গড়ে ৩৭৭ রানের কঠিন লক্ষ্যটাকেও পাকিস্তানের নাগালে নিয়ে এলেন ইউনিস খান (বাঁয়ে) ও শান মাসুদ। কাল পাল্লেকেলেতে সেঞ্চুরি পেয়েছেন দুজনই l এএফপি

একটা দিনের ব্যবধানেই বদলে গেল সব। পরশু সংবাদ সম্মেলনে পাকিস্তান কোচ ওয়াকার ইউনিস স্বীকার করেছিলেন, তাঁদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সেই পাকিস্তানই এখন স্বপ্ন দেখছে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ার। ৩৭৭ রানের লক্ষ্য তাড়া করে ২ উইকেট হারিয়ে ২৩০ রান তুলে ফেলেছে। পাল্লেকেলে টেস্টের শেষ দিনটা আজ আসছে রোমাঞ্চের পসরা সাজিয়েই।
কাল চতুর্থ দিন শেষে যখন শান মাসুদ আর ইউনিস খান ড্রেসিংরুমে ফিরছেন, সতীর্থরা দুই পাশে সার বেঁধে দাঁড়িয়ে অভিবাদন জানালেন। সেটা দুজনের প্রাপ্যই। দুজন যখন জুটি বাঁধেন, ১৩ রানে ২ উইকেট পড়ে গেছে। দ্বিতীয় ওভারেই আউট শেহজাদ, সপ্তম ওভারে উইকেটকিপারকে ক্যাচ দিয়ে গেলেন আজহারও। পাল্লেকেলের ক্রমশ কঠিন হয়ে আসা উইকেটে মাসুদ-ইউনিস এরপরই গেড়েছেন প্রতিরোধের দেয়াল। অসমাপ্ত চতুর্থ উইকেটে দুজন মিলে যোগ করেছেন ২১৭ রান, পাকিস্তানের পক্ষে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ জুটির নতুন রেকর্ড।
শ্রীলঙ্কার মাটিতে চতুর্থ ইনিংসে ৩০০ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নেই কোনো সফরকারী দলের। পাকিস্তানই তো তাদের ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩১৪ রান তাড়া করে জিতেছে সেই ১৯৯৪ সালে অস্ট্রেলিয়ার সঙ্গে। আজ জিততে হলে তাই নতুন ইতিহাসই গড়তে হবে পাকিস্তানকে।
মাসুদ-ইউনিস অবশ্য নিজেদের ইতিহাসে অনেক কিছুই নতুন করে লিখেছেন। পঞ্চম টেস্টে এসে প্রথম সেঞ্চুরি পেলেন মাসুদ। সেটাও রাজসিকভাবে, থারিন্ডু কৌশলকে ছক্কা মেরে তিন অঙ্ক ছোঁয়া। তবে ৭৯ রানের মাথায় আউট হয়ে যেতে পারতেন। ম্যাথুসের জোরালো একটা এলবিডব্লুর আবেদন সাড়া দেননি আম্পায়ার, পরে রিভিউতেও বেঁচে গেছেন মাসুদ।
ইউনিসের ইনিংসটা ছিল অনেকটাই নিশ্ছিদ্র। পাকিস্তানের হয়ে অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন, কাল পেলেন ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি। চতুর্থ ইনিংসে এটা ইউনিসের পঞ্চম সেঞ্চুরি।
মাসুদ-ইউনিসের সঙ্গে ইমরান খানকেও নায়ক মানতে হবে। ৫ উইকেটে ২২৮ রান নিয়ে কাল দিন শুরু করা শ্রীলঙ্কা অলআউট হয়েছে ৩১৩ রানে। পাঁচটি উইকেটই নিয়েছেন ইমরান। শ্রীলঙ্কার এত দূর আসার অবদান অবশ্য অ্যাঞ্জেলো ম্যাথুসের, ১১৩ রান করে আউট হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক। টেন ক্রিকেট, ক্রিকইনফো।