রোমানিয়া–আফগানিস্তানকে ছোঁয়ার অপেক্ষায় ভারত
বেশি নয়, ১৯ রানই করতে হতো রোহিত শর্মাকে। কাল শ্রীলঙ্কার বিপক্ষে এই রান করলেই অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলতেন তিনি। কিন্তু ভারতের ৭ উইকেটের জয়ে রোহিত করতে পেরেছেন মাত্র ১ রান। মাইলফলক ছুঁতে না পারলেও একটি রেকর্ড ঠিকই গড়েছেন রোহিত। ইংল্যান্ডের এউইন মরগান ও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসনকে ছাড়িয়ে অধিনায়ক হিসেবে ঘরের মাঠে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি–টোয়েন্টি জেতা ক্রিকেটার এখন রোহিত।
ঘরের মাঠে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে রোহিত ভারতকে নেতৃত্ব দিয়েছেন ১৭ ম্যাচে। এর মধ্যে ১৬টি ম্যাচেই দলকে জয় এনে দিয়েছেন তিনি। গত বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়ক হিসেবে সাবেক হয়ে যাওয়া বিরাট কোহলির নেতৃত্বে ঘরের মাঠে ১৩টি ম্যাচ জিতেছে ভারত।
ধর্মশালায় আজ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারত। ঘরের মাঠে টি–টোয়েন্টিতে টানা সাতটি সিরিজ জেতা ভারতকে এ ম্যাচে হাতছানি দিচ্ছে রেকর্ড। ম্যাচটি জিততে পারলেই ঘরের মাঠে সবচেয়ে বেশি টি–টোয়েন্টি জেতা দল হয়ে যাবে তারা। রেকর্ডটি এখন যৌথভাবে ভারত ও নিউজিল্যান্ডের দখলে। শ্রীলঙ্কার বিপক্ষে গতকালের ম্যাচটি ছিল ঘরের মাঠে ভারতের ৬০তম টি–টোয়েন্টি। এর মধ্যে ৩৯টিতেই জিতেছে তারা। ঘরের মাঠে নিউজিল্যান্ড ৩৯টি জয় পেয়েছে ৭৩ ম্যাচ খেলে।
শ্রীলঙ্কার বিপক্ষে আজ জিতলেই নিউজিল্যান্ডকে ছাড়িয়ে ঘরের মাঠে সবচেয়ে বেশি টি–টোয়েন্টি জয়ের রেকর্ডটিতে একক অধিকার স্থাপন করবে ভারত। ঘরের মাঠে সবচেয়ে বেশি টি–টোয়েন্টি ম্যাচ জয়ের তালিকায় ভারত ও নিউজিল্যান্ডর পরে অবস্থান দক্ষিণ আফ্রিকার। ৭০ ম্যাচে প্রোটিয়াদের জয় ৩৭টি। এরপর আছে ওয়েস্ট ইন্ডিজ (৩২ জয়) ও অস্ট্রেলিয়া (৩১ জয়)।
আরেকটি রেকর্ড ছোঁয়ার হাতছানিও আছে ভারতের। শ্রীলঙ্কাকে আজ হারাতে পারলে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে টানা ১২টি ম্যাচ জিতবে তারা। ছুঁয়ে ফেলবে আফগানিস্তান ও রোমানিয়াকে। টি–টোয়েন্টিতে ভারতের এ জয়রথের শুরু গত টি–টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়ে।