রোমান্টিকতার খোঁজে রমিজ রাজা

রমিজ রাজা এই মুহূর্তে খুঁজে ফিরছেন পাকিস্তান ক্রিকেট দলের সেই অতীতের রোমান্টিকতা। যে রোমান্টিকতা সরা দুনিয়ায় পাকিস্তানি ক্রিকেটকে করেছিল সমাদৃত। পাকিস্তানি ক্রিকেট থেকে সেই আক্রমণাত্মক মনোভঙ্গি, হারার আগে না হারার মানসিকতাটা হারিয়ে গেছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক, ‘পাকিস্তান ক্রিকেট যেভাবে এগোচ্ছে তাতে আমি খুবই হতাশ। থিংক ট্যাংক পাকিস্তান দলের আক্রমণাত্মক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারছে না। যেভাবে ক্রিকেট এগোচ্ছে তাতে আমি প্রচণ্ড হতাশ। আমি পাকিস্তান দলের মধ্যে সেই রোমান্টিকতা দেখতে চাই। দেখতে চাই সেই অননুমেয় ব্যাপারটা।’
ঠিক এই কারণেই ওয়াহাব রিয়াজকে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক হিসেবে দেখতে চান রমিজ রাজা। পাকিস্তানের সাবেক অধিনায়ক মনে করেন ওয়ানডে অধিনায়ক হওয়ার জন্য এই মুহূর্তে পাকিস্তান দলের যোগ্যতম খেলোয়াড় ওয়াহাবই। তাঁর আক্রমণাত্মক শরীরী ভাষা, দলের প্রতি তাঁর আবেগ ওয়ানডে অধিনায়ক হিসেবে তাঁর যোগ্যতাকে দারুণভাবেই তুলে ধরে।
বাংলাদেশ সফরের আগেই আজহার আলীকে পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আজহারের প্রথম মিশন অবশ্য ভালোভাবেই ব্যর্থ। কিন্তু নতুন অধিনায়ককে আরও সুযোগ না দিয়ে ওয়াহাব রিয়াজের প্রসঙ্গ রমিজ কেন তুলছেন, সেই ব্যাখ্যাই তিনি দিয়েছেন ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ওয়াহাব রিয়াজের সেই দুর্দান্ত স্পেলটিই নাকি ওয়ানডে অধিনায়ক হিসেবে তাঁর কার্যকারিতাকে নির্দেশ করছে, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ওয়াহাবের বোলিং দেখেই আমার মনে হয়েছে পাকিস্তানের ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যে আবেগ ও শরীরী ভাষার দরকার, ওয়াহাবের মধ্যে সে ব্যাপারগুলো বেশ ভালোভাবেই রয়েছে।’
রমিজ হতাশ এখনো পর্যন্ত মিসবাহ-উল-হকের কোনো সুযোগ্য উত্তরসূরি খুঁজে না পাওয়ায়। তিনি বলেন, যেকোনো নতুন দলকে গড়ে তুলতে একজন নিউক্লিয়াসের প্রয়োজন হয়। পাকিস্তান দলে এই মুহূর্তে কোনো নিউক্লিয়াস নেই। অতিসত্বর মিসবাহ-উল-হকের একজন বিকল্প তৈরি করা প্রয়োজন। মানছি কাজটা বেশ কঠিনই। এই মুহূর্তে যদি মিসবাহর বিকল্প না পাওয়া যায়, তাহলে কিছু দিনের জন্য অন্তত আহমেদ শেহজাদ কিংবা উমর আকমলের মতো খেলোয়াড়দের দলে ফিরিয়ে নেওয়া উচিত।’
বাংলাদেশের বিপক্ষে উড়ে যাওয়ার পটভূমিতে দেশটির ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর তাগিদও ঝরেছে রমিজ রাজার কণ্ঠে।