রোহিত দেশে বাঘ, বিদেশে বিড়াল!

টেস্টে দেশের মাটিতে তাঁর ব্যাটিং গড় ২৮৮! এই গড় দেখে অবাক হচ্ছেন? বিস্ময়ের কিছুটা তাঁর বিদেশি ভেন্যুর গড়ের জন্যও তুলে রাখুন। সেটি যে ২৬.৪৫। দেশে আর বিদেশে গড়ের মধ্যে পার্থক্য ২৬১.৫৫! রোহিত শর্মা, দেশে বাঘ আর বিদেশে গেলেই যেন বিড়াল!
বলতে পারেন, রোহিত দেশে মাত্র দুটো টেস্ট খেলেছেন। আরও স্পষ্ট করে বললে মাত্র দুটো ইনিংস। সেই দুই ইনিংসেই সেঞ্চুরি ছিল। ফলে সেটির ব্যাটিং গড় দিয়ে বিদেশের মাটিতে তাঁর ব্যাটিং গড় তুলনা করা কি ঠিক? তাহলে ওয়ানডের হিসাবটিই ধরুন।
দেশের মাটিতে ২৭ ওয়ানডেতে তাঁর ব্যাটিং গড় যেখানে ৬৫.৫৯, বিদেশে ৬৯ ইনিংসে সেটি ২৯.৮১। ওয়ানডের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডধারী, একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দুই ডাবল সেঞ্চুরির মালিকের ব্যাটিং গড় বিদেশে গেলেই যে অর্ধেকেরও কমে নেমে আসছে!
রোহিতের ব্যাটিংয়ের এই দুর্বলতা নিয়ে ইদানীং কথা হচ্ছে খুব। টেস্ট ক্যারিয়ার শুরুই করেছিলেন টানা দুটো সেঞ্চুরি দিয়ে। ওই দুই ইনিংস বাকি ক্যারিয়ারের বাকি ২৩টি ইনিংস রোহিত খেলেছেন বিদেশে। এই ২৩ ইনিংসে তাঁর ব্যাটে কোনো সেঞ্চুরি নেই। ফিফটিও মোটে চারটি! চার ফিফটির দুটি আবার উপমহাদেশের মোটের ওপর চেনা কন্ডিশনে। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ায় নিজের সামর্থ্যের আসল পরীক্ষা দিতে গিয়েই রোহিত ব্যর্থ। উপমহাদেশের বাইরে ১৬ ইনিংসে ২৪.৯৩ গড়ে করেছেন ৩৭৪ রান, মাত্র দুটি ফিফটি।
শ্রীলঙ্কা সিরিজে দুটো ফিফটি করেও তাই এই ব্যর্থতা আড়াল করতে পারেননি। কথা হচ্ছেই। তবে এ সময় দলের সমর্থন ঠিকই পাচ্ছেন রোহিত। ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলছেন, আগে পরিসংখ্যানের দিকে তাকান। তারপর সমালোচনা করুন। সঞ্জয় বলেছেন, ‘এখন পর্যন্ত যতগুলো ম্যাচে সে খেলেছে, প্রতিটিতেই অবদান রাখতে চেয়েছে। সে ওই ধরনের খেলোয়াড়, যে যেকোনোভাবে দলের জয়ে অবদান রাখতে চায়। শ্রীলঙ্কা সিরিজের শেষ দুই টেস্টে খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে সে।’
কিন্তু সামগ্রিক গড়ে যে শুভংকরের ফাঁকি আছে, সেটি কিন্তু এড়িয়ে গেলেন সঞ্জয়। রোহিতের জন্য সুখবর, নিন্দুকদের মুখ বন্ধ করতে সামনে দক্ষিণ আফ্রিকাকে পাচ্ছেন। এবং সিরিজটা নিজ দেশেই!