রোহিত যেন আইপিএলের ‘মুরালিধরন’, ‘ওয়ালশ’

ব্যাট হাতে একদম ফর্মহীন রোহিতছবি : আইপিএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের ইতিহাসে শূন্য রানে সবচেয়ে বেশি আউট হয়েছেন কে?

মাথায় যেকোনো বোলারের নাম ঘুরছে, তাই তো? যশপ্রীত বুমরা থেকে শুরু করে হরভজন সিং, অমিত মিশ্র থেকে শুরু করে আশিস নেহরা, কিংবা হয়তো এতক্ষণে হয়তো লক্ষ্মীপতি বালাজি নামটাও চলে এসেছে মাথায় আপনার।

ভুল! আপনাকে যদি বলা হয়, আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ‘ডাক’ মেরেছেন সেই ক্রিকেটার, যাকে বর্তমান সময়ের অন্যতম প্রতিভাধর ও সেরা ব্যাটসম্যান মানা হয়, বিশ্বাস হবে?

অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন রোহিত শর্মার। মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক গতকাল এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লিখিয়েছেন। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গতকাল দুই বল খেলেই বাঁহাতি পেসার মুকেশ চৌধুরীর বলে আউট হন রোহিত। আইপিএলে এই নিয়ে মোট ১৪ ম্যাচে রানের দেখা পেলেন না ভারতের বর্তমান অধিনায়ক।

রানই আসছে না রোহিতের ব্যাটে
ছবি : আইপিএল

মুকেশ চৌধুরীর ফুল লেংথের ডেলিভারিটায় ছক্কা হাঁকাতে চেয়েছিলেন, টাইমিংয়ে একটু গড়বড় করে ফেললেন। লং অনে দাঁড়িয়ে কিউই স্পিনার মিচেল স্যান্টনার যে ক্যাচটা নিলেন, চেন্নাইয়ের অনুশীলনে এমন সহজ ক্যাচ আরও হাজারটা ধরেছেন হয়তো।

তাতে রোহিতের রান না এলেও ওই রেকর্ডটা ঠিকই এসেছে। এমনিতেই দলের অবস্থা খারাপ, সাত ম্যাচের প্রতিটিতে হেরে আইপিএলের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ানস পয়েন্ট তালিকার তলানিতে।

রোহিতের দলের অবস্থাও খারাপ
ছবি : আইপিএল

আর দলের এই অবস্থার পেছনে অন্যতম দায় রোহিতেরও। ব্যাটটা যে মোটেও হাসছে না এই তারকার! কালকের ম্যাচের আগের ছয় ম্যাচে করেছেন যথাক্রমে ৪১, ১০, ৩, ২৬, ২৮, ৬ রান। এমন ফর্ম বজায় থাকে নিশ্চিতভাবেই আইপিএলে ব্যাট হাতে সবচেয়ে জঘন্য মৌসুম কাটাবেন রোহিত।

এত দিন রেকর্ডটা ছিল যৌথভাবে ভারতের পাঁচজনের দখলে। পীযূষ চাওলা, হরভজন সিংসহ আরও তিনজন আইপিএলে মোট ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন।

ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে বেশি শূন্য রানের রেকর্ড লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের, ৫৯ বার রানের খাতা না খুলেই আউট হয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা ক্যারিবীয় পেসার কোর্টনি ওয়ালশ আউট হয়েছেন ৫৪ বার। রোহিত যেন আস্তে আস্তে আইপিএলেরই মুরালিধরন-ওয়ালশ হয়ে যাচ্ছেন!

রোহিতের গ্লানির ম্যাচে ফিরে এসেছিলেন সেই পুরোনো মহেন্দ্র সিং ধোনি। উনাদকাট, রোহিত শর্মাদের অসহায় বানিয়ে ১৫৫ রান তাড়ায় শেষ বলে গিয়ে চেন্নাইকে জিতিয়েছেন ধোনি। ১৩ বলে ২৮ রান করেছেন। ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে চেন্নাই।