
দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কী-ই বা করার আছে রোহিত শর্মার! ১৬৩ বলে ১৭১ রানের ইনিংস খেলেছেন, ওয়াকায় প্রথম কোনো ভারতীয় ব্যাটসম্যানের সেঞ্চুরি। তার চেয়েও বড় রেকর্ড—ভিভ রিচার্ডসকে টপকে অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরই বিপক্ষে সর্বোচ্চ ইনিংস এটি। ১৯৭৯ সালে ক্যারিবীয় কিংবদন্তির ১৫৩ রানের ইনিংসটিই এত দিন ছিল শিখরে। তবে এ নিয়ে রোহিত আর গর্ব করতে পারলেন কই? দিন শেষে তাঁর জায়গা যে হলো পরাজিত দলে!
ভারতীয় ওপেনারকে এই হতাশা উপহার দিয়েছেন স্টিভেন স্মিথ ও জর্জ বেইলি। আরও নির্দিষ্ট করে বললে স্মিথ। রোহিতের রেকর্ড গড়া সেঞ্চুরি আর কোহলির সঙ্গে তাঁর ২০৭ রানের জুটিতে ওয়াকায় কাল আগে ব্যাট করে ৩০৯ রান তুলেছিল ভারত। তাড়া করতে নেমে অধিনায়ক স্মিথের দুর্দান্ত ১৪৯ ও বেইলির ১১২ রানে ভারতকে প্রায় হেসেখেলেই ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। স্মিথ-বেইলি মিলেও গড়েছেন ২৪২ রানের জুটি।
অথচ এই বেইলিই আউট হয়ে যেতে পারতেন শূন্য রানে। অস্ট্রেলিয়ার ইনিংসের পঞ্চম ওভার চলছিল তখন। আগের বলেই ওয়ার্নারকে আউট করা স্রানের বলটা মাত্রই ক্রিজে আসা জর্জ বেইলির ব্যাটের কোনা ছুঁয়ে গিয়েছিল উইকেটের পেছনে। হয়তো ঠিক বুঝে উঠতে পারেননি, তাই ঠিকমতো আবেদনই করলেন না ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আম্পায়ারও সাড়া দিলেন না। পরে রিপ্লেতে দেখা গেল, আউট ছিলেন বেইলি।
সে যাত্রায় বেঁচে গেলেন বেইলি। ম্যাচের ভাগ্যটাও ওখানেই বদলে গেল। ৩০৯ রান তাড়া করতে নেমে মাত্র ২১ রানে দুই ওপেনারকে হারিয়ে তখন ধুঁকছিল অস্ট্রেলিয়া। কে জানে হয়তো, ওই সময় বেইলি আউট হয়ে গেলে ম্যাচের ফলও অন্য রকম হতো।
স্মিথের কারণেই ম্লান হয়ে গেলে রোহিতের রেকর্ড গড়া সেঞ্চুরি, স্মিথ-বেইলি দ্বিশতক জুটিতে ম্লান কোহলি-রোহিতের দ্বিশতক জুটি! ওয়ানডেতে এই প্রথম একই ম্যাচে দুটি ডাবল সেঞ্চুরি জুটি দেখল ক্রিকেট। তাতে দিন শেষে রোহিত আর কোহলির সঙ্গী শুধুই আক্ষেপ।
রোহিতের আক্ষেপটাই হয়তো বেশি। টানা দুই বছর অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বছরের প্রথম ওয়ানডে খেলল ভারত। দুটিতেই সেঞ্চুরি রোহিতের, দুটিতেই হেরেছে ভারত। তথ্যসূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ৩০৯/৩ (রোহিত ১৭১*, কোহলি ৯১; ফকনার ২/৬০, হ্যাজলউড ১/৪১)।
অস্ট্রেলিয়া: ৪৯.২ ওভারে ৩১০/৫ (স্মিথ ১৪৯, বেইলি ১১২; স্রান ৩/৫৬, অশ্বিন ২/৬৮)।
ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: স্টিভেন স্মিথ।