রোহিতকে সেঞ্চুরি করতে দিলেন না কোহলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফটি তুলে নিলেও সেঞ্চুরির দেখা পাননি রোহিত শর্মা। ছবি: এএফপি
ফিফটি তুলে নিলেও সেঞ্চুরির দেখা পাননি রোহিত শর্মা। ছবি: এএফপি
>মেলবোর্ন টেস্টে ৭ উইকেটে ৪৪৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত

রোহিত শর্মাকে ‘হিটম্যান’ নামেই জানে ক্রিকেট বিশ্ব। ওয়ানডেতে তিনটি ‘ডাবল’ সেঞ্চুরির মালিক বলে কথা! মেলবোর্নে আজ রোহিত ব্যাটিংয়ে আসতেই একটা নতুন কৌশল নিলেন অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেইন। ‘হিটম্যান’কে ছক্কা মারতে প্রলুব্ধ করার চেষ্টা করলেন তিনি। স্টাম্প মাইকে পরিষ্কার শোনা গেছে, স্লিপে দাঁড়ানো অ্যারন ফিঞ্চকে উইকেটরক্ষক পেইন বলছেন, রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে কোন দলকে সমর্থন করবেন তা নিয়ে সব সময় দ্বিধায় ভুগতে হয়। তবে রোহিত ছক্কা মারলে মুম্বাইকে সমর্থন করব।

কৌশলী স্লেজিং বটে! তবে মুম্বাই ইন্ডিয়ানসের রোহিত এ কথায় মোটেও প্রলুব্ধ হননি। ছক্কা মারার কোনো চেষ্টাই করেননি তিনি। ১১৪ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংসে ছিল ৫টি চারের মার। সেঞ্চুরিও হয়তো পেতে পারতেন, কিন্তু বিরাট কোহলি যে ইনিংস ঘোষণা করলেন! কিছুটা অবাক করা ব্যাপারই। দ্বিতীয় দিনের খেলা ৭ ওভারের মতো বাকি থাকতে ৪৪৩ রানেই ইনিংস ঘোষণা! ৭ বিশ্লেষকরাও প্রশ্ন তুলেছেন, কোহলি কি একটু দ্রুতই ইনিংস ঘোষণা করলেন?

টেস্টে এখনো তিন দিন বাকি। মেলবোর্নের উইকেট এখনো ব্যাটিং-বান্ধব। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তাই বড় সংগ্রহ পাওয়ার সম্ভাবনাই বেশি। সেই লক্ষ্যেই ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৮ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার মার্কাস হ্যারিস ও অ্যারন ফিঞ্চ।

সঞ্জয় মাঞ্জেরকারের টুইট, ‘অবাক করা সিদ্ধান্ত ভারতের। রোহিত উইকেটে থাকায় ভারত আরও ৫০/৭৫ কিংবা তারও বেশি রান করতে পারত, যা পরে ব্যাটিংয়ে নেমে তোলা কঠিন হবে।’ তবে কোহলি নিশ্চয়ই কিছু একটা ভেবে রেখেই ইনিংস ঘোষণা করেছেন। দিনের শেষ দিকে নতুন বলে দ্রুতই রান তুলেছেন রোহিত-ঋষভ জুটি। ১১৯ বলে ৭৬ রানের জুটি গড়েন দুজন। এর মধ্যে নতুন বলে বেশি স্ট্রোক খেলেছেন দুই ব্যাটসম্যান। ঋষভ ৩৯ রান করে মিচেল স্টার্কের বলে আউট হন।

দ্বিতীয় দিনে মাত্র ৫টি উইকেট তুলে নিতে পেরেছে অস্ট্রেলিয়ার বোলাররা। ব্যাটিং-বান্ধব হলেও দিনের শেষ ভাগে উইকেটে অসমান বাউন্স পেয়েছেন বোলাররা। মেলবোর্নের এই বাইশ গজে স্পিনার নাথান লায়ন সেভাবে ঘূর্ণি জাল বিছাতে না পারায় ভুগেছে অস্ট্রেলিয়া। ৪৮ ওভার বল করে লায়নের শিকার শুধু অজিঙ্কা রাহানে। স্পিন খেলতে পায়ের দারুণ ব্যবহারে লায়নকে প্রায় নিষ্ক্রিয় রেখেছেন ভারতের ব্যাটসম্যানরা।

কোহলি-পূজারার ১৭০ রানের জুটি ভাঙার পর রাহানে, রোহিত, ঋষভরা চেষ্টা করেছেন যতক্ষণ সম্ভব উইকেটে থাকার। তবে রোহিতের ব্যাটিং দেখে মনে হয়েছে, সেঞ্চুরি তুলে নিতে পারেন। কিন্তু কোহলি ভারতের প্রথম ইনিংসে চতুর্থ সর্বনিম্ন রানে ইনিংস ঘোষণা করায় তা আর হয়নি। গত ২৮ বছরে প্রথম ইনিংসে এত কম রানে এই প্রথম ইনিংস ঘোষণা করল ভারত।