রোহিতকে হারিয়ে বিজয়ী স্টার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একদিনের ক্রিকেটে নিজের ষষ্ঠ সেঞ্চুরিটি পেলেন রোহিত শর্মা ছবি: এএফপি
একদিনের ক্রিকেটে নিজের ষষ্ঠ সেঞ্চুরিটি পেলেন রোহিত শর্মা ছবি: এএফপি

একদিকে রোহিত শর্মা অন্য দিকে মিচেল স্টার্ক। রোহিত শর্মার ব্যাটে ভারতীয় আধিপত্য, অন্যদিকে মিচেল স্টার্কের বলে অস্ট্রেলীয়দের ভারতীয় আধিপত্য চূর্ণ করে দেওয়ার লড়াই! তবে শেষমেশ বিজয়ীর নাম স্টার্কই। আর ম্যাচটা অস্ট্রেলিয়া জিতেছে ৪ উইকেটে।
২৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই করেন দুই অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। উদ্বোধনী জুটিতে আসে ৫১ রান। উমেশ যাদবের বলে ওয়ার্নার ফেরেন ২৪ রানে। শেন ওয়াটসন ও ফিঞ্চের দ্বিতীয় উইকেটে আসে ৬৪ রান। তবে অস্ট্রেলিয়ার ইনিংসের সবচেয়ে বড় জুটি স্টিভেন স্মিথ-ফিঞ্চের। তৃতীয় উইকেট জুটিতে আসে ১০১ রান। এরপর হঠাৎই যেন খেয় হারিয়ে বসে অস্ট্রেলিয়া। ৪০ ওভারে ৩ উইকেটে ২১৯ থেকে ৬ উইকেটে ২৪৮—২৯ রানে ৩ উইকেট হারায় বেইলির দল। উমেশ যাদবের বলে ফিঞ্চ ফেরেন ৯৬ রান করে। ম্যাচটা বেশ জমে ওঠে এ পর্যায়ে। তবে ভারতের জেগে ওঠা আশা শেষ করে দেয় হাডিন-ফকনারের সপ্তম উইকেটে তোলা অবিচ্ছিন্ন ২১ রান।
রোহিত শর্মার ১৩৮ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত তুললো ২৬৭ রানের লড়াকু সংগ্রহ। ৪৩ রানে ৬ উইকেট নিয়ে ভারতীয় সংগ্রহ অস্ট্রেলীয়দের নাগালের বাইরে যেতে না দেওয়ার মূল ব্যক্তিটি ওই স্টার্কই।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য একেবারেই ভালো হয়নি ভারতের। দলীয় ৩ রানের মাথায় স্টার্কের বলে স্লিপে অ্যারন ফিঞ্চকে ক্যাচ দেন শিখর ধাওয়ান। ৩৩ রানে (ব্যক্তিগত ১২ রানে) অস্ট্রেলিয়ার পক্ষে অভিষিক্ত ভারতীয় বংশোদ্ভুত পেসার গুরিন্দর সান্ধুর বলে উইকেটের পেছনে হাডিনকে ক্যাচ দেন অজিঙ্কা রাহানে। ফকনারের বলে কোহলি বাজে শট খেলে আউট হন ৯ রানে। ৩ উইকেট হারানোর পর রোহিতের সঙ্গী হন সুরেশ রায়না। রোহিতের ১৩৮ রান আসে ১৩৯ বলে। ৯টি চার ও চারটি ছয়ের সাহায্যে। রায়না ৬৩ বলে ছয়টি চারের সাহায্যে খেলেন ৫১ রানের কার্যকর এক ইনিংস। রায়নার বিদায়ের পর মাঠে নামা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজের সংগ্রহকে বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি। মাত্র ১৯ রানেই শেষ হয় তাঁর ইনিংস। ধোনির পর রবিচন্দ্রন অশ্বিনের ব্যাট থেকে আসে ১৪ রান।
স্টার্ক ৬ উইকেট নিয়ে ভালোই টেনে ধরেছিলেন ভারতীয় ইনিংসের চাকা। এই অভিযানে সহায়ক ভূমিকায় ছিলেন গুরিন্দর সান্ধু (১/৫৮) ও জেমস ফকনার (১/৬৩)। দুজনই অবশ্য ছিলেন বেশ খরুচে। ম্যাচসেরা স্টার্ক।