রোহিতের আউটে বিতর্কের আভাস!

>ওল্ড ট্রাফোর্ডে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। ম্যাচের ষষ্ঠ ওভারে কেমার রোচের বলে ভারতীয় ওপেনার রোহিত শর্মা উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। কিন্তু সেই আউট নিয়েই একটি বিতর্কের আভাস পাওয়া যাচ্ছে।
ভারতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে কেমার রোচের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত শর্মা। মাঠের আম্পায়ারের নট আউটের সিদ্ধান্ত থার্ড আম্পায়ারের কাছে গিয়ে বদলে যায়। আউটের সিদ্ধান্ত মানতে না পেরে কিছুক্ষণ গাঁইগুঁই করে তবেই মাঠ ছাড়েন রোহিত। তবে সিদ্ধান্তটি আদৌ কতটা সঠিক ছিল, তা নিয়েই পরবর্তীতে শুরু হয় কাটাছেঁড়া।
রোচের বাঁক খেয়ে ভেতরের দিকে আসা বলটি রোহিতকে কিছুটা চমকে দিয়ে উইকেট রক্ষকের হাতে ঠাঁই নেয়। কিন্তু তাতে আলতো ইনসাইড এজ হয়েছে এমন দাবি করে উইন্ডিজ খেলোয়াড়রা আউটের আবেদন জানান ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওর্থের কাছে। আবেদনটি সরাসরি নাকচ করে দেন। উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার, বোলার কেমার রোচ এবং উইকেট রক্ষক শাই হোপ অবশ্য আউটটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন। তাই তারা সময়ক্ষেপণ না করে রিভিউ করার সিদ্ধান্ত নেন। থার্ড আম্পায়ার মাইকেল গফ বল যখন ব্যাট পার হয়, তখন স্নিকো মিটারে স্পাইক দেখে সেটাকে অকাট্য প্রমাণ হিসেবে ধরে নিয়ে আউটের সিদ্ধান্ত নেন।
কিন্তু বলটি ব্যাট এবং প্যাডের মাঝ দিয়ে একই সময়ে পার হওয়ায় স্পাইকগুলো আসলে ব্যাটের নাকি প্যাডের, তা নিশ্চিত হওয়া ছিল বেশ কঠিন। আর আম্পায়ার গফ আউট নিয়ে তাঁর সিদ্ধান্তটি খুব দ্রুত জানিয়ে দেওয়াতে বিষয়টি নিয়ে শুরু হয় কানা-ঘুষা। ম্যাচে ধারাভাষ্যের দায়িত্বে থাকা ভারতীয় সঞ্জয় মাঞ্জরেকারের মতে, থার্ড আম্পায়ারের হাতে থাকা ভিজুয়ালগুলো আউটের পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে পারেনি, ‘আমি হয়তো আরেকটু বেশি সময় নিতাম। ব্যাটসম্যান নিশ্চিত ছিল সে নট আউট। অবশ্য বোলারও আত্মবিশ্বাসী ছিল। বল প্যাডে লেগেছে সেটা নিশ্চিত কিন্তু ব্যাটে কি লেগেছে?’ প্রশ্ন করেছেন মাঞ্জরেকার।
২০১৯ বিশ্বকাপে মাঞ্জরেকারের ধারাভাষ্য পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করছেন অনেকেই। তাই এ বিষয়ে তাঁর মতামত অনেকের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। তবে আরেক ধারাভাষ্যকার মাইকেল আথারটনও মাঞ্জরেকারের সুরেই বলেছেন, ‘উইন্ডিজ খেলোয়াড়রা বেশ আত্মবিশ্বাসী ছিল, ব্যাট-প্যাডের মাঝে যথেষ্ট ফাঁকা ছিল। তবে যেহেতু বলটি ব্যাট এবং প্যাডের মাঝে দিয়ে একই সময়ে পার হয়, তাই থার্ড আম্পায়ারের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন। এ ক্ষেত্রে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তটি আমলে নেওয়া জরুরি, একেবারে নিশ্চিত হলেই কেবল সেই সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত।’