রোহিতের প্রথমে ভারতের দাপট

দেশের বাইরে প্রথম সেঞ্চুরি পেলেন রোহিতছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় দিনের শুরুতে এগিয়ে ছিল ইংল্যান্ড। কিন্তু প্রথম ঘণ্টায় স্বাগতিকদের ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে ভারত। দুই ওপেনার লোকেশ রাহুল ও রহিত শর্মার ইতিবাচক ব্যাটিং হতাশ করছিল ইংলিশদের। জিমি অ্যান্ডারসনের বলে রাহুল ফিরে গেলেও ভারতের দাপট থামেনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়েই ২১২ রান তুলেছে ভারত। এরই মধ্যে প্রথম ইনিংসের ঘাটতি কাটিয়ে ১১৩ রানের লিড নিয়ে ফেলেছে সফরকারীরা। রোহিত অপরাজিত আছেন ১১১ রানে, ৫৩ রানে অপরাজিত পূজারা।

আলোটা স্বাভাবিকভাবেই রোহিত শর্মার ওপর। দেশের বাইরে এই প্রথম যে সেঞ্চুরি পেলেন এই ওপেনার। সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা রোহিত মঈন আলীর বলে ছক্কা মেরে ক্যারিয়ারের এই প্রথমের ছোঁয়া পেলেন। ক্যারিয়ারে আগে সাতটি সেঞ্চুরি পেলেও দেশের বাইরে কোনোভাবেই সেঞ্চুরি পাওয়া হচ্ছিল না তাঁর।

শুধু রাহুল আউট হয়েছেন
ছবি: রয়টার্স

সকালে রান তোলার দায়িত্বটা রাহুলই (৪৬) নিয়েছিলেন। সিরিজে এর আগে ক্যারিয়ারের দ্বিতীয় ধীরতম ফিফটির রেকর্ড গড়া রোহিত উইকেটে সময় কাটাতেই আগ্রহী ছিলেন বেশি। অ্যান্ডারসনের বলে সঙ্গীর বিদায়ের পরও গিয়ার বদলাননি। বরং স্বভাববিরুদ্ধ আগ্রাসন দেখা গেছে চেতেশ্বর পূজারার মধ্যে। পূজারার সঙ্গে তাঁর জুটির প্রথম ৫০ রানের মাত্র ১৯ রান ছিল তাঁর। মধ্যাহ্নবিরতির পর ১৪৫তম বলে ফিফটি পেয়েছেন রোহিত, তাঁর ক্যারিয়ারের ধীরতম।

ফিফটির পরই খোলস পাল্টেছেন রোহিত। প্রাথমিক বিপদ কেটে ওঠার পর দলের লিড দ্রুত বাড়িয়ে নেওয়ায় মন দিয়েছেন। ৫৮ বলে পরের ৪৪ রান নিয়েছেন ৭ চারে।

প্রথম দুই সেশন হতাশায় কেটেছে অ্যান্ডারসনদের
ছবি: রয়টার্স

সেঞ্চুরিতে পৌঁছেছেন দারুণ ঢঙে। মঈন আলীর বলে এগিয়ে এসে মাথার ওপর তুলে ফেলেছেন গ্যালারিতে। দেশের বাইরে এর আগে সেঞ্চুরি না পাওয়া এক ব্যাটসম্যানের ৯৪ রানে থাকা অবস্থায় অমন এক শটই বুঝিয়ে দিয়েছে তাঁর আত্মবিশ্বাস এখন কত উঁচুতে। সুনীল গাভাস্কার অবশ্য সিরিজের মাঝপথেই বলেছিলেন, বিদেশের মাটিতে সেঞ্চুরি–খরা এবারই কাটবে রোহিতের।

১২৯ রানের দ্বিতীয় উইকেট জুটি ইংল্যান্ডের সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছে। এখন পর্যন্ত শুধু অ্যান্ডারসনই উইকেট পেয়েছেন। ওলি রবিনসন, ক্রিস ওকস, ক্রেইগ ওভারটনরা দাগ কাটতে পারছেন না।

এই আউট নিয়ে একটু বিতর্ক সৃষ্টি হয়েছিল
ছবি: টুইটার

এর মধ্যে আরেকটি পরিসংখ্যান ইংল্যান্ডের চিন্তা বাড়াতে বাধ্য। গত তিন বছরে ঘরের মাঠে প্রথম ইনিংসে ১৯.৯৩ গড়ে ৩২ উইকেট পেয়েছেন অ্যান্ডারসন। প্রতিটি উইকেট এসেছে ৫০-এর কম বলে। আর দ্বিতীয় ইনিংসে অ্যান্ডারসন ধার হারিয়ে ফেলেন। ৫৬.৮৫ গড়ে মাত্র ৭ উইকেট পেয়েছেন তিনি। সেটাও গড়ে ১৪৩ বলে ১ উইকেট! এর মধ্যেই মঈন আলীর বলে দুটি রিভিউ নষ্ট করেছে ইংল্যান্ড। ওভালে তাই পরিষ্কারভাবে এগিয়ে গেছে ভারত।

এদিকে রোহিতের আগে প্রথম সেশনে আলোচনার জন্ম দিয়েছিলেন রাহুল। যেভাবে আউট হয়েছেন, তাতে সন্তুষ্ট হতে পারেননি রাহুল। মাঠেই আম্পায়ারদের সামনে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। অ্যান্ডারসনের বলে তাঁকে প্রথমে আউট দেননি আম্পায়ার। কিন্তু ইংল্যান্ড রিভিউ নেওয়ার পর আউট দিয়েছেন টিভি আম্পায়ার। রাহুলের ব্যাট প্রথমে পেছনের প্যাডে লাগায় দুটি শব্দ পাওয়া গিয়েছিল। রাহুল ভেবেছিলেন, ওই শব্দের ভিত্তিতে আউট দেওয়াটা ভুল হচ্ছে। যদিও আলট্রাএজে, পরে বল যখন ব্যাটের স্পর্শ নিচ্ছে, তখন ব্যাটের আশপাশে প্যাড ছিল না।