
প্রথম ইনিংসেই ভারত লিড পেতে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছিল আগের দিনই। কাল নিউজিল্যান্ড ২০৪ রানে অলআউট হয়ে যাওয়ায় লিডটা দাঁড়াল ১১২ রানের। দ্বিতীয় ইনিংসে নেমে ভারত যেভাবে ব্যাট করেছে, তাতে ওই লিডটাই হয়তো শেষ পর্যন্ত দুই দলের ব্যবধান হয়ে যেতে পারে। রোহিত শর্মা আর বিরাট কোহলির ব্যাটে চড়ে ভারত কাল দিনটা শেষ করেছে ৮ উইকেটে ২২৭ রানে।
এরই মধ্যে ৩৩৯ রানের লিড ভারতের। ঋদ্ধিমান সাহা যেহেতু উইকেটে আছেন, সেটি আরও বড় হতেই পারে। পরিসংখ্যান বলছে, ইডেনে চতুর্থ ইনিংসে এই রানটাই আজ পর্যন্ত কোনো দল করতে পারেনি। ইডেনে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান ৩ উইকেটে ৩২৫। ১৯৪৮ সালে ওয়েস্ট ইন্ডিজের ৪৩১ তাড়া করতে গিয়ে যেটা করেছিল লালা অমরনাথের ভারত। চতুর্থ ইনিংসে এই মাঠে ১১৭ রানের বেশি তাড়া করে কোনো দল কখনো জেতেনি! জয়ের স্বপ্ন কিউইদের জন্য বাড়াবাড়িই হয়তো!
৭ উইকেটে ১২৮ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড অলআউট হয়ে গিয়েছিল মধ্যাহ্নভোজের বিরতির আগেই। দুই পেসার ভুবনেশ্বর কুমার আর মোহাম্মদ শামি মিলেই নিলেন ৮ উইকেট। কিন্তু তারপর ব্যাট করতে নেমে ভারতও খুব একটা সুবিধা করতে পারল না। ট্রেন্ট বোল্ট আর ম্যাট হেনরির তোপে ১০৬ রানে ৬ উইকেট নেই, সেটাও কোহলি ৪৫ করে দিয়ে গেছেন বলে। এরপর রোহিত শর্মা আর ঋদ্ধিমানের মধ্যে সপ্তম উইকেটে ১০৩ রানের জুটিটাই আসলেই বড় লিড এনে দিল ভারতকে। ১৩২ বলে ৮২ করে মিচেল স্যান্টনারের বলে লুক রনকির হাতে ক্যাচ দিয়ে রোহিত ফিরে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই রবীন্দ্র জাদেজাকেও হারায় ভারত। আজ ঋদ্ধিমান শেষ পর্যন্ত ভারতের রানটা কোথায় নিয়ে যান, এখন সেটাই দেখার অপেক্ষা। ক্রিকইনফো।