রোহিতের শিরোপা জয়ের রাতে কোহলিকে নিয়ে মশকরা

আইপিএলে অধিনায়ক হিসেবে রোহিত যতটা সফল, কোহলি ছিটেফোঁটাও নন।ছবি: আইপিএল ওয়েবসাইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনাটা অনেক আগে থেকেই। নির্দিষ্ট করে বললে মহেন্দ্র সিং ধোনি ভারতের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর থেকেই। বিরাট কোহলিকে যখন ধোনির জায়গায় অধিনায়ক করা হয়, তখন অনেকেই বলেছেন রোহিত শর্মা নাকি অধিনায়ক হিসেবে কোহলির চেয়েও যোগ্য। অন্তত সীমিত ওভারের ক্রিকেটে তো বটেই। এবার মুম্বাই ইন্ডিয়ানসকে আইপিএলে আরও একটি শিরোপা এনে দিয়ে সে আলোচনাকে নতুন করে উসকে দিয়েছেন ভারতের ‘হিটম্যান’। এই নিয়ে অধিনায়ক হিসেবে রোহিত আইপিএল জিতলেন পাঁচবার। ওদিকে অধিনায়ক তো দূরের কথা, খেলোয়াড় হিসেবেও এখনো আইপিএল-শিরোপার স্বাদ পাননি কোহলি। অধিনায়ক হিসেবে রোহিতের মুকুটে আরেকটা সফলতার পালক যোগ হওয়ার রাতে তাই আলোচনায় থাকলেন কোহলিও। শুধু আলোচনাই নয়; সমর্থকেরা কোহলিকে নিয়ে ঠাট্টামশকরা করতেও পিছপা হননি।

পঞ্চমবারের মতো মুম্বাইকে আইপিএলের শিরোপা জেতালেন রোহিত শর্মা।
ছবি: আইপিএল

আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান কেন শিরোপাশূন্য? তাঁর নেতৃত্বে দুটি আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্বে এসে হেরেছে ভারত। কিন্তু আইপিএলে? গত সাত বছরে একবারও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শিরোপা এনে দিতে পারেননি কোহলি। নিজেও জেতেননি। কিন্তু একই বছর মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হওয়া রোহিত শর্মা এরপর থেকে গুনে গুনে পাঁচবার চ্যাম্পিয়ন করালেন মুম্বাইকে। ব্যাটসম্যান কোহলিকে নিয়ে প্রশ্ন তোলার অবকাশ না থাকলেও অধিনায়ক কোহলি বেশ নিয়মিতই আলোচনা-সমালোচনার জন্ম দিচ্ছেন, গত রাতের পর যে আলোচনায় আরও স্বতঃস্ফূর্ততার সঙ্গে যোগ দিয়েছেন ভারতীয় সমর্থকেরা। আধুনিক যুগে মতামত জানানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের বিকল্প নেই। সেখানেই কোহলি-রোহিতকে দুই মেরু

কখনোই আইপিএল শিরোপা জেতেননি কোহলি।
ছবি: আইপিএল

এক ভক্ত যেমন কোহলি-রোহিতের এক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘একই ছবিতে পাঁচটি আইপিএল শিরোপা।’ বুঝতে বাকি থাকার কথা নয়, কোহলিকে খোঁচা মেরেই দেওয়া হয়েছে ক্যাপশনটা। আরেকজন আবার সে পোস্টের ভুল ধরিয়ে দিয়ে মন্তব্য করেছেন, ‘পাঁচটা না, ছয়টা। ভুল ঠিক করে দাও।’ ইঙ্গিতটা পরিষ্কার, অধিনায়ক থাকা-না থাকা মিলিয়ে মোট ছয়বার আইপিএল শিরোপা জিতেছেন রোহিত, কোহলি একবারও নয়। আরেকজন লিখেছেন, ‘কোহলি সব সময়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখ থুবড়ে পড়ে। রোহিত তেমনটা নয়। সব সময় অধিনায়ক হিসেবে নিজের শতভাগ দেয়। এ যুগের একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার সে।’

আরেকজন আবার ইঙ্গিত করেছেন কোহলির উদ্ধত আচরণের দিকে, ‘একজন অহংকারী ও হামবড়া ভাবের মানুষ, যার কোনো শিরোপা নেই। ওদিকে যার বিন্দুমাত্রও অহংবোধ নেই, তাঁর শিরোপা পাঁচটি।’ আরেকজন বলেছেন, ‘কোহলিকে সরিয়ে রোহিতকে দলের অধিনায়ক বানাও। কোহলির অধীনে ভারতের শিরোপা জেতার সম্ভাবনা শূন্য।’