
একদম ঠিক সময়ে জ্বলে উঠল ইংল্যান্ড। সেমিফাইনালে দারুণ খেলে হৃদয় ভাঙল কিউইদের। দর্শকেরা বলতে পারবে না ম্যাচে উত্তেজনার কোনো কমতি ছিল। আদর্শ উইকেট, বিনোদনদায়ী ক্রিকেট, ভারত খেলছে না এমন ম্যাচে দর্শকদের সপ্রাণ উপস্থিতি, সব মিলিয়ে চমৎকার একটা দিন কাটল।
শুরুটা ভালোই ছিল নিউজিল্যান্ডের। ফাঁকা জায়গায় বল পাঠিয়ে রান নেওয়া, ব্যাট তো এভাবেই করা উচিত। কিন্তু তখন বোলিংটা ঠিক ছিল না। ইংল্যান্ডের বোলাররা গতির কোনো হেরফের না করেই বল করল। ব্যাটসম্যানদের কোনো সমস্যাই হয়নি বাউন্ডারি পেতে। নিউজিল্যান্ডের দারুণ শুরু কপালে ভাঁজ ফেলে দিয়েছিল ইংল্যান্ডের।
নিউজিল্যান্ডের ইনিংসের দ্বিতীয় অংশে ইংলিশ বোলাররা কিছুটা মাথা খাটাতেই বদলে গেল পরিস্থিতি। শুরুতে পিটুনি খাওয়া বেন স্টোকস যেভাবে ঘুরে দাঁড়াল তার প্রশংসা করতেই হয়। লাইন-লেংথ ঠিক রেখে ফিল্ডারদের সহায়তায় নিউজিল্যান্ডের গলায় সে-ই ফাঁস পরিয়েছে।
ইংলিশরা ম্যাচে ফিরেছে, কারণ তাদের বোলাররা বুঝতে পেরেছে তাদেরও কিছু করার আছে। টি-টোয়েন্টিতে আপনাকে খুব দ্রুতই ব্যাটসম্যানদের পড়ে নিতে হয়। লেংথ ঠিক রাখাটা জরুরি, ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে আপনাকে উদ্ভাবনী ক্ষমতার পরিচয়ও দিতে হবে। স্টোকস পরিস্থিতি বুঝেই বল করে দলের ব্যাটসম্যানদের সুযোগ করে দিয়েছে।
নিউজিল্যান্ড ২৫টি রান কম করেছে। এরপর বোলিংয়ে তাদের বোলাররা খেয়েছে বেধড়ক মার। শুরু থেকেই পেটাতে শুরু করে ইংলিশরা। পুরো সুবিধা নিয়েছে তারা নিউজিল্যান্ডের ছন্নছাড়া বোলিংয়ের।
ইংলিশদের জয়ে আমি মোটেও অবাক হইনি। ওরা কেমন ব্যাটিং করতে পারে তার কিছুটা ঝলক তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই দেখিছি। একেবারে বিশুদ্ধ ক্রিকেট শট দিয়েই জো রুট প্রতিপক্ষকে অবাক করে দিল। পরশু ছিল জেসন রয়ের পালা। কোটলায় সে নিউজিল্যান্ডের বোলিংকে ছিন্নভিন্ন করে দিয়েছে। রয়ের ফুটওয়ার্ক ও শট নির্বাচন ছিল দেখার মতো। তার মন্ত্রটা ছিল সরল—বলটাকে পেটাও, জোরে পেটাও। কোনো কিউই বোলারই তার কাছে পাত্তা পায়নি। এর আগে চার ম্যাচে দারুণ খেলেছে নিউজিল্যান্ড, কিন্তু বুধবারের রাতটা অন্য রকম ছিল।
ইংল্যান্ড এখন কলকাতায় যাচ্ছে আরও বড় কিছু পাওয়ার আশা নিয়ে। রয়ের রাজকীয় ইনিংসটা ইংলিশ ক্রিকেটের সম্মানটা আরও উঁচুতে তুলে নিয়েছে। দুই দলের মধ্যে ব্যবধানটা সে-ই গড়েছে। (পিচ সলিউশন আর)