রয়ের নেই ভয়

ইদানীং দুপুর হলেই আকাশ কালো হয়ে আসে। কখনো বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টির আশা ভেসে আসা বাতাসে মিলিয়ে যায় হতাশায়। তবে উষ্ণতায় কোনো হেরফের নেই। গরমে ঘর্মাক্ত হতে হচ্ছে সবাইকে। বাংলাদেশ সফরে এসে সেটা টের পাচ্ছে ইংল্যান্ড দলও। কাল বিসিবির একাডেমি মাঠে অনুশীলনে দেখা গেল গরমে-ঘামে নাজেহাল জস বাটলাররা।
নিরাপত্তার ঘেরাটোপে ইংল্যান্ড দলের ধারেকাছে ঘেঁষার সুযোগ পায়নি স্থানীয় কোনো সংবাদমাধ্যম। অনুশীলনের ফাঁকে নিজেদের মিডিয়ার কাছেই জেসন রয় জানিয়ে দিলেন নিজের চাওয়াটা। ইংল্যান্ডের ওয়ানডে ওপেনার অবশ্য জানেন নিজের চাওয়াটা পূরণ করতে হলে এই কন্ডিশনে মানিয়ে নিতে হবে। এবং সেটি খুব কঠিন।
ওয়ানডে বিশ্বকাপের পরই ইংল্যান্ডের বদলে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, তবে রয়কে দলে নিয়েই কিন্তু দৃশ্যমান এই বদল। আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক, বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটিতে ব্যাটিংয়ের সুযোগ পাননি। নিউজিল্যান্ডের বিপক্ষে ‘অভিষেকে’ ফিরেছেন প্রথম বলেই। তবে শুরুর ইঙ্গিতকে ভুল প্রমাণ করেছেন দ্রুতই। এই সময়ে ইংল্যান্ডের প্রতিটি ওয়ানডেতেই খেলেছেন রয়। এরই মাঝে পেয়ে গেছেন ৫টি ফিফটি ও ৩টি সেঞ্চুরি। পরিবর্তিত পরিস্থিতি ও ফর্ম—সবকিছু মিলিয়ে বাংলাদেশ সফরে দলের সিনিয়র ব্যাটসম্যানদের একজন হয়ে গেছেন তিনি!
অভিষেকের দেড় বছরেই এমন পদোন্নতিতে রয় সন্তুষ্ট, তবে এখানেই থামতে চান না, ‘এখনো অনেক কাজ আমার বাকি। আরও অনেক রান করতে হবে, সঙ্গে কিছু সেঞ্চুরি। আমি গড়পড়তা একজন হয়ে থাকতে চাই না, জানি না এটা ভালো নাকি খারাপ। আরও উন্নতি করতে চাই, ইংল্যান্ডের হয়ে ম্যাচ জিততে চাই। বর্তমানে আমার খেলা নিয়ে আমি খুশি। বড় বড় ম্যাচ খেলে পরিণত হচ্ছি।’
বাংলাদেশ অবশ্য রয়ের জন্য একটা চ্যালেঞ্জই হবে। অভিষেকের পর থেকেই ওপেনিংয়ে সঙ্গী পেয়েছেন অ্যালেক্স হেলসকে। একসঙ্গে ২৭ ইনিংসে ব্যাট করেছেন দুজন। এর মাঝে ৫টি ফিফটি ও ৩টিতে সেঞ্চুরি ছাড়ানো জুটি গড়েছেন। বার্মিংহামে শ্রীলঙ্কার বিপক্ষে তাড়া করতে নেমে ২৫৬ রানের অপরাজিত জুটি গড়েছেন কিছুদিন আগেই। সবচেয়ে বড় কথা, এ দুজন ইংল্যান্ডকে প্রায় প্রতিটি ম্যাচেই এনে দেন ঝোড়ো শুরু। ২৭ ইনিংস পরও এ জুটির স্ট্রাইক রেট এখন ১০৬!
নিরাপত্তাশঙ্কায় হেলস বাংলাদেশে আসতে রাজি না হওয়ায় সঙ্গীকে পাচ্ছেন না, কিন্তু এ নিয়ে রয় চিন্তিত নন, ‘যে-ই আসুক না কেন, সে যোগ্য। আন্তর্জাতিক ক্রিকেটে দাগ কাটার দারুণ সুযোগ পাচ্ছে তারা। বেশ কয়েকজনের সঙ্গেই ব্যাটিং করেছি, তাই আমার কোনো সমস্যা হবে না। সবার মধ্যে খুব ভালো সম্পর্ক, সুতরাং চিন্তার কিছু নেই। নিজেকে সিনিয়র হিসেবে ভাবি না, আমরা সবাই সমান। শুধু চেষ্টা করব যে-ই আসুক তাকে সাহায্য করার। ডাকেট (বেন) হয়তো স্নায়ুচাপে ভুগতে পারে কিন্তু সে এখানে যোগ্যতাবলেই এসেছে।’