রয়ের যেন তর সইছে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জয়টা তোমারই প্রাপ্য ছিল’—পরশু ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক মরগানকে হয়তো এ কথাই বলছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন! l রয়টার্স
‘জয়টা তোমারই প্রাপ্য ছিল’—পরশু ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক মরগানকে হয়তো এ কথাই বলছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন! l রয়টার্স

এক বছর আগের ওই সময়টা এউইন মরগানের কাছে মনে হতে পারে আগের জন্মের কোনো স্মৃতি। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ইংল্যান্ড, সমালোচনার ঝড় আছড়ে পড়ছে তাঁদের ওপর। অস্ট্রেলিয়া থেকে লজ্জা নিয়েই ফিরে যেতে হয়েছিল মরগানদের। আর এখন এই ইংল্যান্ডের সামনেই টি-টোয়েন্টির মুকুটের হাতছানি। সময় কত দ্রুতই না সবকিছু বদলে দেয়!
সেই বদলে যাওয়ার শুরু যাঁদের হাত ধরে, জেসন রয় তাঁদের পুরোভাগে। ২০১৫ বিশ্বকাপ ব্যর্থতার পর অ্যান্ডারসন-ব্রডদের মতো পরীক্ষিতদের সীমিত ওভারের ক্রিকেট থেকে ছেঁটে ফেলা হয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ইংল্যান্ড দল খোলনলচেসহ বদলে ফেলেছে। রয় তো সেমিফাইনালে ছিলেন ভয়ডরহীন ইংল্যান্ডের সবচেয়ে বড় বিজ্ঞাপন। নিউজিল্যান্ডের সঙ্গে ৪৪ বলে ৭৮ রান করে ইংল্যান্ডকে পথ দেখিয়েছেন। রয় বার্তা দিলেন ফাইনালেও ওই ইংল্যান্ডকে দেখা যাবে, ‘প্রতিপক্ষ যে-ই হোক, আমরা সবাই নিজেদের খেলাটাই খেলব।’ এক বছর আগের সময়টাও মনে করিয়ে দিলেন, ‘অনেকের কাছ থেকেই আমরা খুব নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিলাম। এখন বিশ্বকাপ ফাইনালে উঠে আমরা অনেককেই পাশে পাচ্ছি।’
এই ফাইনালটা হবে লাখ খানেক দর্শকে ঠাসা ইডেন গার্ডেনে, সুতরাং এটি তো ‘স্পেশাল’ কিছুই। রয় অবশ্য এটি নিয়ে খুব একটা ভাবছেন না। নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চান, ‘এটা স্রেফ অন্য সব ম্যাচের মতোই। পার্থক্য হচ্ছে এটা ইডেন গার্ডেনে ১ লাখ দর্শকের সামনে হবে। অবশ্যই এটা হবে অবিশ্বাস্য এক অভিজ্ঞতা, আমাদের শুধু ওখানে গিয়ে গত এক বছরে আমরা যে খেলা খেলেছি, সেটাই খেলতে হবে।’ ইংলিশ অধিনায়ক মরগানও ফাইনালে ওঠার তৃপ্তিতে আচ্ছন্ন, ‘ফাইনালে ওঠা সব সময় স্বপ্নপূরণের মতো। এখানে আসার জন্য সবাই অনেক খেটেছে, অনেক আত্মত্যাগ স্বীকার করেছে।’
অথচ প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওভাবে আত্মসমর্পণের পর সেমিফাইনালটা ইংল্যান্ডের কাছে অনেক দূরের পথ মনে হচ্ছিল। সেখান থেকে ঘুরে দাঁড়ানোটাই রয়কে বেশি অনুপ্রাণিত করছে, ‘প্রথম ম্যাচের পর তো মনে হচ্ছিল, আমরা বেশ পেছনে পড়ে গেছি। তবে এখন আমরা সত্যিই খুব রোমাঞ্চিত বোধ করছি। অসাধারণ এক অভিজ্ঞতা হতে চলেছে, আমাদের যেন তর সইছে না।’
ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর টানা চারটি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। তবে সেমিফাইনালে যেমন দাপুটে জয় এসেছে, তাতে সম্ভাব্য প্রতিপক্ষকে বড় একটা সতর্কসংকেতই যেন দিতে পারছেন রয়, ‘প্রতি ম্যাচেই আমরা কিছু না-কিছু উন্নতি করছি।’
ফাইনালেও সেটা হলে শেষ হাসিটা তো ইংল্যান্ডই হাসতে পারে! এএফপি, ক্রিকইনফো।