রয়-হেলসে মুগ্ধ এজবাস্টন

এজবাস্টনে ইংল্যান্ডকে ২৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়েছিল শ্রীলঙ্কা। কিন্তু সে চ্যালেঞ্জ গ্রহণ করে দুই ইংলিশ উদ্বোধনী ব্যাটসম্যান যেভাবে জবাব দিলেন, সেটাকে ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান বলছেন তাঁর ‘নতুন অভিজ্ঞতা’। মাঠে কিংবা টেলিভিশনের সামনে বসা দর্শকদের কাছেও অভিজ্ঞতাটা ছিল আসলেই দুর্দান্ত। শ্রীলঙ্কার ২৫৪ রানের জবাবে ইংল্যান্ডের কেবল দুটো অস্ত্রই ব্যবহার করতে হলো—জেসন রয় আর অ্যালেক্স হেলস। এই দুই উদ্বোধনী ব্যাটসম্যানের দুটি সেঞ্চুরিতে গড়া রেকর্ড উদ্বোধনী জুটিতে খুব সহজেই শ্রীলঙ্কার দেওয়া চ্যালেঞ্জটা উতরে গেছে ইংল্যান্ড। ১০ উইকেটের দারুণ এক জয়ে প্রথম ম্যাচে ‘টাই’ হওয়া সিরিজে এখন ১-০-তে এগিয়ে ইংল্যান্ডই।
জেসন রয়ের ব্যাট থেকে এসেছে ১১২ রান, অ্যালেক্স হেলস করেছেন ১৩৩। রয়ের ৯৫ বলে ৭ চার আর ৪ ছয়ে সাজানো ইনিংসে সঙ্গে হেলসও খেলেছেন ১০ চার আর ৬ ছয়ে মনে রাখার মতো ইনিংস। আর কী চাই! টেস্ট সিরিজে ইংলিশ ব্যাটসম্যানদের সামনে নিজেদের বেশ অসহায় দেখেছিলেন লঙ্কান বোলাররা। কাল এজবাস্টনে তাঁরা ছিলেন আরও অনেক বেশি অসহায়। ছয়জন বোলারকে দিয়ে বল করিয়েছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। কিন্তু রয়-হেলসের গড়া দেয়াল ভাঙা সম্ভব হয়নি কারোরই। দুই ইংলিশ ব্যাটসম্যান যেন মাঠে নেমেছিলেন যেমন খুশি তেমন ব্যাটিংয়ের দর্শন নিয়ে।
এর আগে ওয়ানডেতে কোনো উইকেট না হারিয়ে সবচেয়ে বেশি রান সফলভাবে তাড়া করার রেকর্ডটা ছিল নিউজিল্যান্ডের। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ২০১৫ সালে ২৩৫ রান তাড়া করে ১০ উইকেটে ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড। কাল রয়-হেলসের ২৫৬ রানের উদ্বোধনী জুটি সেই রেকর্ড নিজেদের করে নিলেন।
টসে জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা খুব খারাপ করেনি। কুশল পেরেরা ও ধানুষ্কা গুনারত্নের উদ্বোধনী জুটি ৩৯ রান তুলে বিচ্ছিন্ন হন। পেরেরা ৩৭ রান করেন, গুনারত্নে করেন ২২। তিন নম্বরে নামা কুশল মেন্ডিস শূন্য রানে বিদায় নিলেও সে ধাক্কা সামলান দিনেশ চান্ডিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুস। চতুর্থ উইকেটে এই দুজনের সম্মিলিত অবদান ছিল ৮২। চান্ডিমাল ৫২ আর মেন্ডিস ৪৪ রান করেন। সাত নম্বরে নামা উপুল থারাঙ্গার ব্যাট থেকেও আসে দারুণ একটা ফিফটি। তবে শ্রীলঙ্কান ইনিংসের দুর্ভাগ্য হচ্ছে শেষ ১০ ওভারে চাহিদা ও প্রত্যাশামতো রান তুলতে না পারা। শেষ ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে তারা তোলে মাত্র ৬৬ রান।
ইংল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নেন আদিল রশিদ ও লিয়াম প্লাংকেট। একটি উইকেট নিয়েছেন ডেভিড উইলি।
২৫৪ রান তাড়া করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের কল্যাণে ইংল্যান্ড লক্ষ্যে পৌঁছে যায় মাত্র ৩৪.১ ওভারেই। ম্যাচের তখন আরও ৯৫ বল বাকি। রয় ও হেলসের এমন অনন্য-অসাধারণ ব্যাটিংয়ে মন্ত্রমুগ্ধই হয়ে পড়েছিলেন অধিনায়ক মরগান। এই রান তাড়াকে তিনি উল্লেখ করেছেন ‘অনন্যসাধারণ’ হিসেবে। একই সঙ্গে জানিয়েছেন, তিনি তাঁর ক্রিকেট ক্যারিয়ারে এই ধরনের রান তাড়া খুব কমই দেখেছেন।
মরগানের মতে, ‘এই ম্যাচে দুই উদ্বোধনী ব্যাটসম্যান জেসন রয় আর অ্যালেক্স হেলসের কাছ থেকে কি আমরা অতিমানবীয় কিছু দেখেছি? আমার তো মনে হয় না। এই দুই উদ্বোধনী ব্যাটসম্যান ব্যাটিংয়ের মৌলিক ধারণাটা ঠিক রেখেই নিজেদের কাজটা করে গেছেন; আর কিছু নয়। সে কারণেই পুরো ব্যাপারটা এতটাই মুগ্ধতা ছড়িয়েছে।’