র্যাঙ্কিং শীর্ষে স্টার্ক
৮ ম্যাচে ১০.১৮ গড়ে ২২ উইকেট। ওভারপ্রতি ৩.৫০ রান। দুর্দান্ত এই বোলিং মিচেল স্টার্ককে দিল বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার। অস্ট্রেলিয়ার বাঁহাতি ফাস্ট বোলার স্বীকৃতি পেলেন র্যাঙ্কিংয়েও। কাল হালনাগাদ হওয়া আইসিসি র্যাঙ্কিংয়ে বোলিং তালিকার এক নম্বর স্থানটা এখন স্টার্কের অধিকারে। অথচ ২০১৫ সালটা ৩২ নম্বরে থেকে শুরু করেছিলেন ২৫ বছর বয়সী এই বোলার। ত্রিদেশীয় সিরিজে ৫ ম্যাচে ১২ উইকেট বিশ্বকাপ শুরুর আগে স্টার্ককে তুলে আনে সপ্তম স্থানে। বিশ্বকাপের প্রথম পর্বে ১৬ উইকেট নিয়ে উঠে আসেন তিনে, নকআউটে ৬ উইকেট নিয়ে সাঈদ আজমল ও ডেল স্টেইনকে টপকে চলে যান সরাসরি এক নম্বরে।
আজমল-স্টেইনকে টপকে গেছেন ইমরান তাহিরও। ১৫ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার এখন বিশ্বের দুই নম্বর বোলার। তিনে আজমল, চারে স্টেইন, পাঁচে নারাইন। ছয়ে ২২ উইকেট নেওয়া ট্রেন্ট বোল্ট। বিশ্বকাপের আগে ৬১ নম্বরে ছিলেন বোল্ট।
ব্যাটিংয়ে শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন নেই। ডি ভিলিয়ার্স-সাঙ্গাকারা-আমলা-কোহলি-দিলশানরাই প্রথম পাঁচে। অলরাউন্ডার তালিকায় সবার ওপরে তিলকরত্নে দিলশান, দুইয়ে সাকিব আল হাসান। তথ্যসূত্র: আইসিসি র্যাঙ্কিং।