র্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে গেলেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান এখন তিনে। ফাইল ছবি
টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান এখন তিনে। ফাইল ছবি

সর্বশেষ টেস্ট খেলেছেন ফেব্রুয়ারিতে, শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর বাংলাদেশ আর কোনো টেস্ট ম্যাচ খেলেনি। সাকিব আল হাসানেরও খেলা হয়নি কোনো টেস্ট। তার পরও বেশ কিছুদিন টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুইয়ে ছিলেন। তবে সর্বশেষ র্যাঙ্কিংয়ে সাকিব নেমে গেলে এক ধাপ। টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান তিনে।
ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে দুই ইনিংসে ৪০ ও ৪৬ রান করে এক নম্বরে উঠে এসেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। রেটিং ৩৭২। দুইয়ে থাকা ভারনন ফিল্যান্ডারের রেটিং ৩৬৫। সাকিবের রেটিং অবশ্য অপরিবর্তিত রয়েছে—৩৬৪। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান দুইয়ে। এ ছাড়া টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৮ ও ওয়ানডে বোলার র‌্যাঙ্কিংয়ে ২২ নাম্বারে আছেন আবদুর রাজ্জাক। সাকিব-রাজ্জাক বাদে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সেরা ৩০-এ বাংলাদেশের আর কোনো বোলার কিংবা ব্যাটসম্যান নেই।
গত বছর ডিসেম্বরে প্রথম আলোয় লেখা নিজের কলামে সাকিব বলেছিলেন, ‘র্যাঙ্কিং নিয়ে খুব বেশি ভাবি না।’ তিনি আরও লিখেছিলেন, ‘টেস্ট র্যাঙ্কিংয়ের প্রতিদ্বন্দ্বীরা কোথায় কেমন খেলল, সেটা নিয়ে একদমই মাথা ঘামাই না। তারা তাদের খেলা খেলে, আমি আমার খেলা খেলি। দলে তাদের এক ধরনের ভূমিকা, আমার আরেক ধরনের ভূমিকা। কাজেই তাদের কেউ ভালো খেলে ফেললে “আমি কী করলাম! আমি কী করলাম!” বলে হা-হুতাশ করার কোনো কারণ দেখি না।... নিজে কিছু করে র‌্যাঙ্কিংয়ে ওপরে ওঠাটা আমি উপভোগ করি। তখন মনে হয়, ধারাবাহিকভাবে ভালো খেললে তো সব সময়ই শীর্ষে থাকা যায়! কিন্তু শীর্ষস্থান ধরে রাখার জন্য ভালো খেলতেই হবে, সে রকম কোনো বাড়তি টেনশন কাজ করে না আমার মধ্যে। র্যাঙ্কিং মাথায় রেখে আমি কিছু করি না। কাজেই এই ওঠানামাটা আমার ওপর খুব একটা প্রভাব ফেলে না।’