র্যাঙ্কিংয়ে মাহমুদউল্লাহর উল্লম্ফন

ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি, ঠিক আগের ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে ফিফটি। মাহমুদউল্লাহর পারফরম্যান্স লেখচিত্র পারদের মতো ঊর্ধ্বমুখী। ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা বাংলাদেশের ব্যাটসম্যান স্বীকৃতি পেলেন র্যাঙ্কিংয়েও। আইসিসির সর্বশেষ ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক লাফে ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার-সেরা ৪৪ নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ। এই ডানহাতির রেটিং পয়েন্ট বেড়েছে ৬২।
৭ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন সর্বশেষ তিন ম্যাচে দুটি ফিফটি পাওয়া মুশফিকুর রহিম। বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তিনিই। বোলিংয়ে বাংলাদেশের সেরা সাকিব আল হাসান (৭ম)। সাকিব ধরে রেখেছেন অলরাউন্ডার তালিকার দ্বিতীয় স্থান। তবে শীর্ষ অলরাউন্ডার তিলকরত্নে দিলশানের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধানটা বেড়ে এবার ১৭ হয়েছে।
ব্যাটিং ও বোলিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও পাকিস্তানের সাঈদ আজমল। দলীয় র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন নেই একটিও। অস্ট্রেলিয়াই শীর্ষে, বাংলাদেশের অবস্থান নয়ে।